প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ০১:০২ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১১:৩৮ এএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিহত দুজন শহীদের স্মরণে দুটি মাঠের নামকরণ করা হয়েছে। টাঙ্গাইলে গুলিতে নিহত ১৪ বছরের স্কুলছাত্র মারুফ মিয়ার নামে টাঙ্গাইল জেলা সদর স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ‘শহীদ মারুফ স্টেডিয়াম’। রাজধানীর ধানমন্ডিতে নিহত রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজের নামে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের মাঠের নামকরণ করা হয়েছে।
এ ছাড়া কুষ্টিয়া জেলা সদরের শেখ কামাল স্টেডিয়ামের নাম বদলে হয়েছে ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারিয়েছিলেন আবরার ফাহাদ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক পেজে পোস্টে নামকরণের ঘোষণা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে।