ওয়ানডে সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ০৯:৩৫ এএম
তিন ম্যাচের সিরিজে আপাতত ১-১ সমতায়। আজ যারা জিতবেন, সিরিজ তাদেরই৷ এমন সমীকরণের ম্যাচে ভুল করতে চান নাশান্ত ব্রিগেড— ছবি: এসিবি
লজ্জার হারের পর দাপুটে জয়ে জমে উঠেছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সবশেষ তথা অঘোষিত ফাইনাল বনে যাওয়া ম্যাচটি গড়াচ্ছে আজ সোমবার। সংযুক্ত আরব আমিরাতের শারজা এদিন বাংলাদেশের যেমন সিরিজ জয়ের চ্যালেঞ্জ, তেমনি আরেকটি সিরিজ নিজেদের করার লক্ষ্য আফগানিস্তানের। ১-১ সমতায় থাকা সিরিজের ফয়সালার ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
শারজা ক্রিকেট স্টেডিয়ামের মাঠটি শান্তদের জন্য বেশ অপয়াই। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে সেই শাপমোচন করেছে বাংলাদেশ। সমতায় ফেরার পর এবার সিরিজ নিজেদের করাতে চোখ টাইগার ব্রিগেডদের। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং-বোলিং কোনোটিতেই ভালো করতে পারেনি। এসেছিল ৯২ রানের বড় হার। সেসব ভুল শুধরে গত ম্যাচে জয়ে ফিরেছেন শান্তরা। ব্যাটিংয়ে টাইগারদের স্বস্তির পরশের দিনে হাশমতউল্লাহ শহিদিরা হারেন ৬৮ রানে। ফাইনালে রূপ নেওয়া ম্যাচে আজ জয়ে ফিরতে মরিয়া আফগানরা, শান্তরাও হুমকি ছুড়ে রেখেছেন, ‘সিরিজ জিতেই ফিরব।’
শক্তি-সামর্থ্য, পরিসংখ্যান কিংবা মুখোমুখি দেখা— প্রায় সব বিভাগে আফগানদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে রশিদ-নবীরা পঞ্চাশ ওভারের ক্রিকেটেও দাপুটে। স্পিনে শক্তি বাড়ানো আফগানদের ব্যাটিংটা যুতসই হলে শান্তদের দায়িত্ব আরও বাড়াতে হবে। তাছাড়া আজকের ম্যাচে টসটাও ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আগের দুটি ওয়ানডেতে শারজায় আগে যারা ব্যাট করেছেন, জয় তাদের পক্ষেই এসেছিল।
টসভাগ্যের বিষয়টি আফগানদের কোচ জনাথন ট্রট মানলেও টাইগার অধিনায়ক শান্ত দিয়েছেন উড়িয়ে। ট্রটের মতে, টস একটা ব্যাপার হতে পারে। তবে তাদের চিন্তায় শুধুই জয়। শান্তর অবশ্য টস নিয়েই ভাবছেন না, তার চোখ স্রেফ সিরিজে নিবদ্ধ। শারজার এই মাঠটি আবার আফগানদের পয়া ভেন্যু। সবশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছে তারা।
সব মিলিয়ে ৩০টি ওয়ানডে খেলে মাঠটিতে আফগানরা হেরেছে মোটে আটটিতে। তা ছাড়া সাম্প্রতিক ফর্মও এগিয়ে রাখছে তাদের। পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। এখন অবধি দুদলের ১৮টি এক দিনের ম্যাচে দেখায় বাংলাদেশ জিতেছে ১১টিতে। আফগানদের জয় ৭টিতে। আজ ম্যাচ শেষে যাদের হাসি চওড়া হবে তাদের ঘরেই আসবে দ্বিপাক্ষিক সিরিজের ট্রফিটি।
হারলেই খোয়া যাবে সিরিজ— এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত দল নিয়েই খেলতে পারে। আফগানদের দলে পরিবর্তন আসতে পারে মিডল অর্ডারে। দলে কে থাকবেন বা কে নেই, ওসব চিন্তা বাদ রেখে আফগানদের চোখ সিরিজ জয়ে। গত পরশু ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আফগান কোচ ট্রট বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে চাইব যেন পরের ম্যাচে ভালো করার সর্বোচ্চ সুযোগটা পাই। প্রতিটি ম্যাচের আগেই কন্ডিশন, প্লেয়ারদের ফর্ম সবকিছু বিবেচনায় নেব। বিষয়টি এরকম নয় যে, আজকে (দ্বিতীয় ওয়ানডেতে) হেরেছি বলেই কালকের (আজকের) ম্যাচের গুরুত্ব বেড়ে গেল। সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সোমবারে আমরা ফাইনাল ম্যাচ খেলতে নামছি। ছেলেরা মুখিয়ে আছে ম্যাচের জন্য।’
শেষ ম্যাচে জয় পেলে আফগানিস্তানের কাছে টানা দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজে হার এড়াতে পারবে বাংলাদেশ। অন্যাথায় আরেকটি সিরিজে হার নিয়ে ফিরতে হবে শান্তদের। টাইগার অধিনায়ক অবশ্য আশাবাদী মোমেন্টাম পেয়েছেন, এবার সেটা আরও বাড়িয়ে নিতে চান তারা। বাংলাদেশকে সিরিজে সমতায় ফেরানোর নায়ক শান্ত বলেছেন, ‘(জয় পাওয়া) স্বস্তির অবশ্যই। তবে সিরিজ শেষ হয়নি। পরের ম্যাচে আবার কীভাবে প্ল্যান করে আসতে পারি এটা জরুরি ব্যাপার। দল এখন সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের আরও ভালো পারফরমেন্স করতে হবে। আশা করি ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।