বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ২১:০১ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ২১:১১ পিএম
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ দল। মাঠের ক্রিকেটে পারফরম্যান্স যে রকমই হোক, মাঠের বাইরের নানা ঘটনায় জর্জরিত টাইগাররা। দলে নেই দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব আল হাসান ও লিটন দাস। ভিসা জটিলতার কারণে এখনও সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার নাহিদ রানা ও নাসুম আহমেদ। তবে বাংলাদেশ দলে যা-ই ঘটুক না কেন, সেসব নিয়ে ভাবছেন না হাশমতউল্লাহ শহিদি। আফগান অধিনায়ক নিজেদের খেলাতেই সব মনোযোগ দিতে চান।
দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
সিরিজ শুরুর আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন ৩০ বছর বয়সি শহিদি।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে জর্জরিত বাংলাদেশ দলকে বেশ ভালো দল উপাধি দিয়ে বাঁহাতি
এই ব্যাটার জানান, নাজমুল হোসেন শান্তদের মোকাবিলা করতে নিজেদের সেরাটা ঢেলে দিতে চান।
সাংবাদিকদের শহিদি বলেন, ‘আসলে আমি
এটা জানতাম না (বাংলাদেশ দলের অবস্থা, ভিসা জটিলতা)। তবে আগেই যেটা বললাম আমরা তাদের
নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়েই ভাবছি। আমরা নিজেদের দলে মনোযোগ ধরে রাখছি। আমাদের
খেলায় মনোযোগ দিচ্ছি। নিজেদের শতভাগ দিতে চেষ্টা করছি। তাদের স্কোয়াডে কী হয়েছে না
হয়েছে আমি আসলে তা জানি না। চেষ্টা করছি নিজেদের দলের মাঝেই মনোযোগ ধরে রাখতে।’
এদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার পর থেকেই সময়টা বেশ ভালো যাচ্ছে আফগানিস্তানের। কয়েক দিন আগেই শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে তারা। সেই সিরিজের দল থেকে দুটি পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে আফগানরা। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে নতুন মুখ হিসেবে উদ্বোধনী ব্যাটার সেদিকুল্লাহ অটলকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
সেদিকুল্লাহর অবশ্য এর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। ছয়টি ম্যাচও খেলেছেন। তবে ওমানে ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আফগানিস্তান ‘এ’ দলকে শিরোপা জিতিয়ে টিম ম্যানেজমেন্টের নজর কাড়েন টপঅর্ডার এই ব্যাটার। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রেখে ৩৬৮ রান করে হন সিরিজসেরা। সে কারণেই তাকে বাংলাদেশের বিপক্ষের ওয়ানডে সিরিজে রাখা হয়েছে। শহিদি সামনে এনেছেন সেটিকেই, ‘আমরা একদম ভালোভাবে প্রস্তুত আছি। একই সঙ্গে তাদের দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমাদের এখন দেখতে হবে তাদের পরিবর্তে কারা দলে আসছে।’
দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে আফগানিস্তানের
বিপক্ষে বেশ ভালো বাংলাদেশ। এখন পর্যন্ত ১৬ বারের মুখোমুখি দেখায় আফগানদের ৬ জয়ের বিপরীতে
বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচে। কিন্তু গত বছর সবশেষ মুখোমুখি দেখায় তিন ম্যাচের ওয়ানডে
সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান। তাই শারজায় কিছুটা এগিয়েই থাকবেন রশিদ খান-মোহাম্মদ
নবিরা।
আফগানিস্তানের স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ অটল, দরবেশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গজনফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।