× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম টেস্ট

বাংলাদেশকে সমীহ করছেন মার্করাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ২১:৩০ পিএম

চট্টগ্রামে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক এইডেন মার্করাম; ছবি: আ. ই. আলীম

চট্টগ্রামে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক এইডেন মার্করাম; ছবি: আ. ই. আলীম

মিরপুর টেস্ট জিতে এশিয়ায় দীর্ঘ ১০ বছরের খরা কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে সফরকারীদের লক্ষ্য এবার সিরিজ জয়। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ সাগরিকায় ঘুরে দাঁড়াতে মরিয়া। তাই বাড়তি সতর্কে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম টেস্টে অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে শুরু হবে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আগের ম্যাচে হেসেখেলে জিতলেও এই ম্যাচের আগে টাইগারদের সমীহ করছে প্রোটিয়ারা।

সোমবার (২৮ অক্টোবর) ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মার্করাম বলেন, ‘এটা আমাদের জন্য আরও একটি সুযোগ। আপনি প্রতিটি ম্যাচই জিততে চাইবেন। সামনে আমাদের বেশ কিছু টেস্ট আছে। আমরা সেশন বাই সেশন এগিয়ে যেতে চাই।’

লক্ষ্যপূরণে গত দুই দিন নিজেদের প্রস্তুত করেছেন মার্করামরা। উইকেট দেখে প্রোটিয়া অধিনায়কের মূল্যায়ন, ঢাকার তুলনায় এখানে রান করাটা সহজ হবে। মার্করাম বলেছেন, ‘আমি চাই আমাদের ওপরের ব্যাটাররা রান করুক। আশা করছি, আমাদের ব্যাটাররা নিশ্চয়ই বাংলাদেশের বোলারদের চাপে ফেলার উপায় বের করে নেবে। আমাদের সেরা ছয় ব্যাটারই দলের জন্য অবদান রাখতে উম্মুখ হয়ে আছে।’

২০১৪ সালে সবশেষ এশিয়ার মাটিতে টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার গলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। মার্করাম জানান, দীর্ঘদিন পর উপমহাদেশে কোনো টেস্ট জিতে স্বস্তি ফিরেছে প্রোটিয়া শিবিরে, ‘অবশ্যই, এটা স্বস্তি। উপমহাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জ। জয়ের আশা নিয়ে এই ম্যাচেও (চট্টগ্রাম) আমরা মাঠে নামব। বাংলাদেশ হোম কন্ডিশনে ভালো দল। তাই এই ম্যাচও আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে।’

মিরপুর টেস্টে বৃষ্টির বাগড়া থাকলেও চট্টগ্রামে সে সম্ভাবনা নেই। এখানে বরং আছে চামড়া পোড়ানো প্রচণ্ড গরম। দক্ষিণ আফ্রিকা দলের জন্য তো বটেই, এই গরমে খেলা বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও সহজ হওয়ার কথা নয়। তবে আবহাওয়ার ওপর তো কারও হাত নেই। মার্করাম তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিকল্প দেখছেন না, ‘আবহাওয়ার প্রশ্নে খুব বেশি কিছু করার নেই। আমাদের প্রচুর পানি পান করতে হবে এবং শরীর যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করতে হবে। আশা করি, ভালো পাঁচটি দিন কাটবে।’

এদিকে মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি সাকিব আল হাসানের। চট্টগ্রাম টেস্টের আগে আবার আলোচনাÑ বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট মানেই যেন খেলা আর নিত্যনতুন ইস্যুর হাত ধরাধরি করে চলা। তবে বাংলাদেশের এসব ঘটনায় মনোযোগ দিচ্ছে না প্রোটিয়ারা। তাদের পুরো মনোযোগই নিজেদের খেলায়। মার্করামের মতে, এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া কোনো দলের জন্যই প্রত্যাশিত নয়, ‘বাংলাদেশ দল এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন পাঁচ নম্বরে। তাদের ওপরে আছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ভারত। দক্ষিণ আফ্রিকার জন্য শীর্ষে যাওয়াটা তাই অঙ্কের হিসাবে সম্ভব হলেও বাস্তবে বেশ কঠিন। তবে দলের অধিনায়ক মার্করাম এটাকে কোনো চাপই মনে করছেন না, ‘আমাদের হাতে এখনও পাঁচটি টেস্ট ম্যাচ আছে এবং আমাদের সম্ভবত বেশিরভাগ ম্যাচই জিততে হবে। পাঁচটি টেস্ট মানে অনেক খেলা। কাজেই আমরা এখন যেখানে আছি, সেখান থেকে এটা খুবই সম্ভব। আশা করি, আমরা সেশন ধরে ধরে, ম্যাচ ধরে ধরে এগোতে পারব, আমাদের সুযোগটা বাড়াব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা