প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:০৬ পিএম
প্রথমবারের মতো বাবা হলেন বাংলাদেশের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। আফিফ ও তার স্ত্রী নুসরাত জাহানের ঘর আলো করে এসেছে যমজ কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের এই সুখবর নিজেই দিয়েছেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন বাঁহাতি এই ব্যাটার।
ফেসবুকে আফিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, আমরা দুটি সুন্দর কন্যাসন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেন আফিফ। একই বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ২০২০ সালে ডাক পান ওয়ানডে দলে। আন্তর্জাতিক ওয়ানডে বাংলাদেশের হয়ে ৩১ ম্যাচে ৬০০ রান করেছেন আফিফ এবং ৬৯ টি টি-টোয়েন্টিতে তার রানের সংখ্যা ১১০৯।
২৫ বছর বয়সি আফিফ দীর্ঘদিন ধরেই পারফর্মেন্সের কারণে জাতীয় দলের বাইরে। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন। আসন্ন বিপিএল দিয়ে তিনি আবারও জাতীয় দলে ফেরার মঞ্চ খুঁজবেন। তার আগে আপাতত পরিবারের সঙ্গে ভালোই সময় পার করছেন, সেটা আর না বললেও চলে।