× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুর টেস্ট

রান খরার সঙ্গী দর্শক খরাও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ২১:৫৬ পিএম

রান খরার সঙ্গী দর্শক খরাও

হয়তো উইকেট পড়তে ভুল করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শুরুর আগে তার বক্তব্য ছিলÑ‘পিচ শুষ্ক। এখানে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সহজ হবে না।’ অথচ হয়েছে তার উল্টো। টেস্টে যেখানে তৃতীয়-চতুর্থ দিনে উইকেট ভাঙা শুরু করে। মিরপুরে প্রথম দিনের প্রথম ইনিংস থেকেই উইকেট ভেঙে একাকার। লাঞ্চ বিরতির আগে অর্ধেক (৬ উইকেট) ৪০.১ ওভারে সব উইকেট খুইয়ে ফেলে শান্তরা। স্বাগতিকরা স্কোর কার্ডে জমা করতে পারে কেবল ১০৬ রান। লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকাও। দিন শেষ হওয়ার আগে ৬ উইকেটে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১০৬। উইকেট মিছিল আর রান খরার দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ভুগেছে দর্শক খরায়। সাকিব আল হাসান ইস্যুতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গত দুই-তিন ধরে ‘সাকিব আল হাসান ইস্যুতে’ উত্তপ্ত মিরপুর স্টেডিয়ামপাড়া। দেশসেরা অলরাউন্ডারের পক্ষে-বিপক্ষে মিছিল-মানববন্ধন করে আন্দোলনকারীরা। ফলে গতকাল সোমবার স্টেডিয়ামের ভেতর-বাইরে ছিল বাড়তি নিরাপত্তা। স্টেডিয়ামের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র পাহারা বসে সকাল থেকেই। টিকিট ছাড়া স্টেডিয়াম এলাকায় ঘোরাফেরা থেকে বিরত রাখা হয় জনসাধারণকে। নিরাপত্তার অংশ হিসেবে স্টেডিয়ামের আশপাশের দোকানপাটও ছিল বন্ধ। স্থানীয় বাসিন্দাদের চলাচলে মানতে হয় বিশেষ নির্দেশনা।

বিশৃঙ্খলা এড়াতে এদিন সাকিব আল হাসানের ৭৫ লেখা জার্সি পরা ভক্তদের মাঠে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিক সাকিবভক্ত অভিযোগ করেন। তার ভক্তরাই নন, স্টেডিয়ামের কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অন্য সমর্থকরাও। এদিন স্টেডিয়ামে বিনা টিকিটে খেলা দেখতে এসে ব্যর্থ হন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। তাদের দাবি, আগে টেস্ট ম্যাচের সময় ছাত্রছাত্রীদের বিনা টিকিটে খেলা দেখতে দেওয়া হলেও বিসিবি এবার তা দিচ্ছে না। ঘটনাস্থলে সরেজমিন দেখা যায়, রাজধানীর বেশ কয়েকটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা ৫ নম্বর গেটের সামনে লম্বা সারি বেঁধে স্টেডিয়ামে ঢোকার জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু একপর্যায়ে গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।

একে তো নিরাপত্তা বলয়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামপাড়া। তার মধ্যে ঝক্কি-ঝামেলা উতরে যারা স্টেডিয়ামে প্রবেশ করেছে, বাংলাদেশের খেলা দেখেছে, দিন শেষে তারাও বিরক্ত হয়েছে। বিরক্তিভাব কাটাতে নিশ্চয়ই আজ ভালো ফরম্যান্সের বিকল্প নেই। দেখার বিষয় প্রথম দিনের দুঃস্মৃতি কতটা ভোলাতে পারেন শান্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা