প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১২:২০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৩:১১ পিএম
আগামী ২৭ ডিসেম্বরে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের। তার আগে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ১৬ জন বিদেশি ও ৬২ জন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজি।
ড্রাফটের শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আসন্ন বিপিএল নিয়ে সর্বোচ্চ চেষ্টার কথাই জানিয়েছেন তিনি, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা।
ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার ভালো বল করলে উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না, একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোয় কম রান হতো, রাতের ম্যাচগুলোয় হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করব এবার যেন ভালো উইকেট হয়।’
গেল বছর বিপিএলের টিকিট বিক্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। ফলে এ বছর টিকিট বিক্রির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে বিসিবি। এ নিয়ে ফারুক বলেন, ‘টিকিট ডিজিটালের একটা ডেমো দেখেছি আমি। যেহেতু এখনও আড়াই মাস আছে, ডিজিটাল হওয়ার সম্ভাবনা ৯৮ ভাগ।’