× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

চিটাগাং কিংসে নাম লিখলেন সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ২৩:৫৮ পিএম

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব আল হাসান বিদায়ি টেস্ট খেলার সবুজ সংকেত পাওয়ার পর বিপিএলে তার খেলার পথটাও মসৃণ হয়েছে। এই সুযোগে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে চিটাগাং কিংস। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সাকিবের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেছে চট্টগ্রাম কিংস। ফেসবুকের অফিসিয়াল পেজে বন্দর নগরীর দলটি তার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন।’ 

এদিকে আবুধাবি টি-টেন লিগেও দল পেয়েছেন সাকিব। আইকন ক্রিকেটার হিসেবে টাইগার সুপারস্টারকে দলে ভিড়িয়েছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। ষষ্ঠ আসরে আইকন তো বটেই দলটির অধিনায়কও ছিলেন তিনি। এবারের আসরে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে, যিনি প্লাটিনাম ক্যাটাগরিতে দলভুক্ত হয়েছেন। গত আসরে চ্যাম্পিয়ন নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এ আফগান লেগ স্পিনার।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসর। যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। সাকিব-রশিদের মিলিত প্রচেষ্টায় এবার অধরা শিরোপা ধরা দেয় কি না, তা-ই এখন দেখার বিষয়। 

এদিকে গত ২৬ সেপ্টেম্বর টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন তিনি। আর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। ওয়ানডে ক্রিকেট নিয়ে আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন।

তাই সাকিব এখন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) টি-টেন সংস্করণে খেলছেন। সেখানে তিনি খেলছেন লস অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে। দলকে নেতৃত্বও দিচ্ছেন। আমিরাতের লিগটিতেও বাংলা টাইগার্সের নেতৃত্বেও সাকিবকে দেখার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা