প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১১:৪৪ এএম
ওলি স্টোন
ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে রয়েছেন ওলি স্টোন। কিন্তু এখন তাকে যেতে হবে পাঁচ হাজার মাইল দূরে নিজের দেশে। কারণ তার বিয়েটা হবে ইংল্যান্ডে। সফর আর বিয়ে দুটো একসঙ্গে হওয়ায় মহা ঝামেলায় পড়ে গেছেন এ ইংলিশ ক্রিকেটার। তবে স্বস্তির খবর হচ্ছে, সিরিজের প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি এ পেসার। তাই একটু আগেভাগে ইংল্যান্ডে ফিরছেন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে। বলা যায়, এক ‘মহাচ্যালেঞ্জ’ই নিয়ে ফেলেছেন ওলি স্টোন। এ পেসার পাকিস্তান থেকে যাচ্ছেন ইংল্যান্ডে। বিয়ে করে আবার ফিরবেন পাকিস্তানে। দ্বিতীয় টেস্টের আগেই পৌঁছে যাবেন দক্ষিণ এশিয়ার দেশটিতে।
৩০ বছর বয়সি স্টোন বাগদত্তা জেসের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ১২ অক্টোবর। ইস্ট অব ইংল্যান্ডের নরফোকে বিয়ের সব প্রস্তুতিই নেওয়া প্রায় শেষ। এই ব্যস্ততার মাঝে স্টোন যাবেন পাকিস্তানে। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। মুলতানে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে ৭ অক্টোবর। ম্যাচটি শেষ হওয়ার কথা রয়েছে ১১ অক্টোবর। মাঠের লড়াই শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরই পাঁচ হাজার মাইল দূরে ইংল্যান্ডে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্টোনের। কিন্তু মুলতান টেস্টের একাদশে নাম না থাকায় একটু সময় পাচ্ছেন। বিয়ের আগে দেশে ফিরে বিশ্রাম আর বাকি থাকা কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন স্টোন।
বিবিসি স্পোর্টসকে উভয়কূল রক্ষার প্রচেষ্টার ফলে মুখোমুখি পরিস্থিতিকে স্টোন দেখছেন, ‘কিছুটা পাগলাটে। তবে দারুণ সমস্যাও’ হিসেবে। স্টোন তার দীর্ঘদিনের প্রেমিকা জেসকে বিয়ের প্রস্তাব দেন ২০২৩ সালের গ্রীষ্মে। তখন ইংল্যান্ড দল নিয়ে তার কোনো ভাবনা ছিল না। তখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন, যার সর্বশেষটি ২০২১ সালে।