২৬ রানে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৬ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৩ পিএম
ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে দারুণ দুটি উইকেট এখন অবধি এনে দিয়েছেন সাকিব— কানপুর থেকে আ. ই. আলীম
ফল পেতে যেন মরিয়া হয়ে উঠেছে ভারত। আগের দুইদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ দিনে প্রথমে বোলিংয়ে এরপর ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসে মোটে দেড় সেশন ব্যাট করতে পেরেছিল। প্রথম দিনের ১০৭ রান আজ ২৩৩ রানে বাড়িয়ে নিয়ে যান সেঞ্চুরিয়ান মুমিনুল হক। তবে ব্যাটিংয়ে এসে রীতিমত তাণ্ডব চালিয়েছে ভারতের ব্যাটাররা। ইনিংস ঘোষণার আগে তারা ৫২ রানে এগিয়ে ছিল। সাকিব-মিরাজদের বিপক্ষে ওভারপ্রতি রান তুলেছিল আটেরও বেশি।
কানপুরের গ্রিন পার্কে আজ আরও বড় রোমাঞ্চ অপেক্ষা করছে। ২ উইকেট হারানো বাংলাদেশ চতুর্থ দিন শেষে তুলতে পেরেছে ২৬ রান। ওপেনার জাকির হাসানকে ১০ রানে আউট করার পর নাইটওয়াচম্যান হাসান মাহমুদকেও প্যাভিলিয়নের পথ দেখান রবিচন্দ্রন অশ্বিন। আগামীকাল টেস্টের শেষ দিনে ৭ রানে শুরু করবেন সাদমান ইসলাম। তাকে সঙ্গ দেবেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। ভারতের থেকে এখনও ২৬ রান পিছিয়ে আছে বাংলাদেশ।
আগামীকাল নিজেদের পক্ষে ফল নিতে উইকেটে টিকে থাকার বিকল্প নেই শান্তদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রাখা রোহিত শর্মাদের প্রযোজন বাংলাদেশের আরও আটটি উইকেট। এবং যতদ্রুত সম্ভব সেটি আগামীকাল নিতে চান তারা। বৃষ্টিতে পুরো দুটি দিন ভেসে যাওয়ার পরও ফল হওয়ার অপেক্ষায় কানপুর টেস্ট।
৫২ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা ভারতের
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ৯ উইকেটে ২৮৫ রান তুলেই ইনিংসে ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাতে প্রথম ইনিংসে ৫২ রানের লিড পায় ভারত। দলটির ইনিংসে ৫১ বলে সর্বোচ্চ ৭২ রান করেছেন ওপেনার যশস্বী জয়সোয়াল। এ ছাড়া ৪৩ বলে ৬৮ রান করেছেন লোকেশ রাহুল। বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন পেসার হাসান মাহমুদ।
সাকিব ফেরালেন গিলকে, দ্রুত রান বাড়াচ্ছে ভারত
কানপুরে জমে উঠেছে ম্যাচ। টাইগার বোলারদের ওপর চওড়া হয়েছেন স্বাগতিক ব্যাটাররা। এই সুযোগে উইকেটও নিচ্ছে শান্তর দল। নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেটে ১৬৭ রান করেছে ভারত। প্রথম ইনিংসে টাইগারদের চেয়ে মাত্র ৬৬ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল।
ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে পাগলাটে শুরু করেন রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। নিজের খেলা প্রথম দুই বলেই ছক্কা হাঁকান রোহিত। জসওয়ালও ছাড় দেননি। দুজনের ব্যাটে মাত্র ৩ ওভারে ৫১ রানে পৌঁছায় ভারত। যা টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি।
দেড় সেশনেই থামল বাংলাদেশ
বৃষ্টিতে আগের দুই দিন একদমই খেলা হয়নি। প্রথম দিনও হয়েছিল মাত্র ৩৫ ওভার। চতুর্থ দিন বৃষ্টি বাগড়া দেয়নি, তবে দেড় সেশনের বেশি টিকে থাকতে পারেনি বাংলাদেশ। মুমিনুল হক সেঞ্চুরি করলেও বাকি সবাই ছিলেন ব্যর্থ। তাতে ২৩৩ রান আসে টাইগারদের প্রথম ইনিংসে।
লাঞ্চের আগে মুমিনুলের সেঞ্চুরি
টেস্টে সবশেষ ২০২১ সালের ২১ এপ্রিল সেঞ্চুরি করেন মুমিনুল হক। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ রান করেন তিনি। প্রায় ৪১ মাস পর আবারও শতকের দেখা পেলেন মুমিনুল। এটি তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে ১৭২ বলে শতক তুলে নিয়েছেন মুমিনুল।
মুমিনুলের সেঞ্চুরির পর মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। ৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। মুমিনুল ১৭৬ বলে ১০২ ও মিরাজ ২৬ বলে ৯ রানে অপরাজিত আছেন।
লিটনের পর ফিরলেন সাকিব
মোহাম্মদ সিরাজের আগের বলটিতেই পরাস্ত হয়েছিলেন। লিটন দাসের কাভার ড্রাইভ খেলা শট ব্যাটে বলে হয়নি। পরের বলটিতেই আরেকবার ভুল করে বসেন লিটন। সিরাজকে উড়িয়ে মারতে গিয়ে বন্দি হন রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচে।
কানপুরে অন্যপাশে দাড়িয়ে টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি পূরণ করেছেন মুমিনুল হক। লিটন ভালো কিছুর সম্ভাবনা দেখালেও পারেননি। কাভারে রোহিতের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হওয়ার আগে ১৩ রান করেন লিটন। পরে সাকিব আল হাসান চাপ সামাল দিতে এসে উল্টো চাপে ফেলেছেন। অশ্বিনের বলে সিরাজের দুর্দান্ত ক্যাচ হয়ে ফিরেছেন ৯ রান করে।
খেলা শুরু হতেই ফিরলেন মুশফিক
কানপুরে হতাশার দুই দিনের অবসান। অবশেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ভারত টেস্টের চতুর্থ দিনের লড়াই। প্রথম দিন ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের পুরোটাই পরিত্যক্ত হয় অভিন্ন কারণে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১২ রান। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে খেলতে নেমে ধীরস্থির শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দিনের ষষ্ঠ ওভারে বুমরাহর দারুণ ইনসুইঙ্গারে পরাস্ত হয়ে বোল্ড হন ১২ রান করা এ ব্যাটার।
ক্রিজে এখন মুমিনুল ৪০ ও লিটন দাস ০ রানে ব্যাট করছেন।
রোদঝলমলে আকাশ, মাঠে গড়াচ্ছে খেলা
গ্রিন পার্ক স্টেডিয়ামের সকালটা আগের তিন দিনের মতো নয়। আজ সকাল থেকেই কানপুরের আকাশে উঁকি দিয়েছে সূর্য। চারদিকে উজ্জ্বল রোদ। মাঠে নেমে পড়েছেন দুই দলের খেলোয়াড়েরা।
দিনের শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। তবে প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে খেলার সময়। প্রথম দিন ৩৫ ওভার খেলা হওয়ার পর আর বলে মাঠে গড়ায়নি।
তৃতীয় দিনও বৃষ্টির পেটে
বৃষ্টির কবলে প্রথম দিনে খেলা হয়েছিল ৩৫ ওভার। কিন্তু দ্বিতীয় দিনে হয়নি ১টি বলও। কানপুরে রবিবার কোনো বৃষ্টি হয়নি। ভেজা আউটফিল্ডের পর আলোকস্বল্পতায় তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর কোনো বল মাঠে গড়ানোর আগেই তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছেন আম্পায়াররা।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দুই দলকেই জানানো হয়েছে, আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা যাচ্ছে না। অবশ্য প্রেসবক্সে থাকা সাংবাদিকদের বলা হয়েছে, খেলা শুরু হচ্ছে না আলোকস্বল্পতার কারণে। বৃষ্টি না হলেও কেন খেলা শুরু করা গেল না, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা তৈরি হয়েছে।