× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নের মতোই বিশ্বকাপ শুরু ফ্রান্সের

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ০৮:০৮ এএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১২:০৭ পিএম

চ্যাম্পিয়নের মতোই বিশ্বকাপ শুরু ফ্রান্সের

জয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। কাতারের আল-ওয়াকরাহ’র আল-জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও অভিজ্ঞ অলিভার জিরুদের জোড়া গোলে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছে লেস ব্লুজরা।

ম্যাচের শুরুতেই আক্রমণে গিয়ে ৯ মিনিটে ক্রেইগ গুডইউন গোল করে এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সকারুজরা। প্রথমে গোল হজম করেই যেন খোলস থেকে বেরিয়ে আসে দেশ্যমের শিষ্যরা। মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফরাসিরা।আদ্রিয়ান রাবোয়িতের গোলে সমতায় ফেরে (১-১) ফ্রান্স। এমন অবস্থায় জিরুদের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

ম্যাচের নবম মিনিটে সকারুজদের এগিয়ে দেন গুডইউন। ডান প্রান্ত থেকে ম্যাথু লেকির পাসের বল বাঁ পায়ের শটে জালে জড়ান সকারুজ স্ট্রাইকার। এটি ছিল কাতার বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোল।

২১ মিনিটে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যেতে পারত এশিয়ার প্রতিনিধিত্ব করা অস্ট্রেলিয়া। ফরাসি ডিফেন্ডারদের ভুল পাসের সুযোগে ফের বল পেয়ে যান সকারুজ স্ট্রাইকার গুডইউন। তবে ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শটের বলটি অল্পের জন্য সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়।

ম্যাচের ২৭ মিনিটে সমতায় ফিরে আসে ফ্রান্স। মধ্যমাঠ থেকে ডিফেন্ডার থিওহার্নান্দেজের ক্রসের বল দর্শনীয় হেডে সকারুজদের জালে জড়িয়ে দেন মিডফিল্ডার রাবোয়িত।

৫ মিনিটের ব্যবধানে লিড পায় তারা। ৩২তম মিনিটে সকারুজদের রক্ষণের ভুলে রাবোয়িত বল নিয়ন্ত্রণে নিয়ে সতীর্থ অলিবার জিরুদের কাছে চালান করে দেন। ব্যাক পাস থেকে পাওয়া বলটি আলতো শটে জালে জড়ান অভিজ্ঞ জিরুদ। ফলে ২-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

মূলত প্রথম গোলের আগে একটিও পরিকল্পিত আক্রমণ করতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।

রাবোয়িতের গোলের পরই পাল্টে যায় ম্যাচের চেহারা। ৪৪তম মিনিটে দারুণ একটি সুযোগ মিস করেন এমবাপ্পে। পরের মিনিটে হার্নান্দেজের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ এককভাবে চলে যায় ফরাসিদের কাছে। ৬০ মিনিটে আরও একবার গোল করার সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। রাবোয়িতের ট্রুপাসের বল ফাঁকায় পেয়েও গোল করতে ব্যর্থ হন পিএসজি তারকা।

৬৭ মিনিটে আরও একটি আক্রমণ ব্যর্থ হয় ফ্রান্সের। পরের মিনিট অর্থাৎ ৬৮তম মিনিটে নেটের দেখা পান এমবাপ্পে। ডি-বক্সের ভেতর ওসমান ডেম্বেলের ক্রসের বল দর্শনীয় হেডে জালে জড়ান তিনি। ফলে ৩-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

৭১ মিনিটে এমবাপ্পে একক প্রচেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ক্রস করেন অলিভার জিরুদকে। দারুণ এক হেডে সেটি জালে জড়ান তিনি। ৮২তম মিনিটে আবারও গোলবঞ্চিত হন এমবাপ্পে। ইতোমধ্যে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা