× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রশিদের জন্মদিনে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৭ এএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৩ পিএম

রশিদের জন্মদিনে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

আগের ম্যাচেই ইতিহাস গড়ে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার জয়ের দেখা পায় আফগানিস্তান। এবার প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল আফগানরা। শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল হাশমতউল্লাহ শহীদির দল।

গতকাল শুক্রবার ছিল আফগান তারকা রশিদ খানের জন্মদিন। বিশ্বের অন্যতম সেরা এ লেগ স্পিনার নিজের ২৬তম জন্মদিন রাঙিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিয়ে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১১ রান করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ২ বলে ১৩৪ রানে থামে প্রোটিয়ারা। এবার আফগানিস্তানের সামনে চোকার্সদের হোয়াইটওয়াশের হাতছানি।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হাঁকান আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। এ উইকেটকিপার-ব্যাটার ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলেন। ৩-এ নামা রহমত শাহর ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৫০ রান। তবে প্রোটিয়া বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘোরান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ডান হাতি এ ব্যাটার ৩২ বলে ফিফটি তুলে খেলেন ৫০ বলে অপরাজিত ৮৬ রানের দারুণ এক ইনিংস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। ৩৮ রান করে বাভুমা বিদায় নিলে ভাঙে ৭৮ রানের উদ্বোধনী জুটি। ১৮তম ওভারে রশিদ খান বোলিংয়ে এসেই বিদায় করেন আরেক ওপেনার টনি জে জর্জিকে। তার ব্যাট থেকে এসেছে ৩১ রান। দুই ওপেনারের বিদায়ের পর পতন শুরু হয় প্রোটিয়া ব্যাটিংয়ের। তাসের ঘরের মতো ভেঙে যায় প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। ৫১ রান তুলতেই শেষের ৯ উইকেট হারায় তারা। ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রশিদ খান। বাঁ হাতি স্পিনার নানগেয়ালিয়া খারতে ২৬ রানে পান ৪ উইকেট।

ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে জন্মদিনে ৫ উইকেট নিলেন ২৫ বছর বয়সি রশিদ। ম্যাচসেরা হয়ে জয়ের পর তিনি বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। কিন্তু মাঠে থাকতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছি এবং দলকে জেতাতে নিজেকে নিংড়ে দিয়েছি। বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল আমাদের জন্য। এ কারণে মাঠে শেষ পর্যন্ত থাকতে হয়েছে।’

প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়ের দুই দিন পর দ্বিতীয় ওয়ানডেতেও দাপট ছড়িয়ে জিতল আফগানিস্তান। আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ৫০ ওভারে ৩১১/৪ (রহমানুল্লাহ গুরবাজ ১০৫, আজমতউল্লাহ ওমরজাই ৮৬*, রহমত শাহ ৫০; এইডেন মার্করাম ১/২০, লুঙ্গি এনদিগি ১/৫০)।
দক্ষিণ আফ্রিকা : ৩৪.২ ওভারে ১৩৪/১০ (টেম্বা বাভুমা ৩৮, টনি ডি জর্জি ৩১, এইডেন মার্করাম ২১; রশিদ খান ৫/১৯, নানগেয়ালিয়া খারতে ৪/২৬, আজমতউল্লাহ ওমরজাই ১/১৭)।
ফল : আফগানিস্তান ১৭৭ রানে জয়ী।
ম্যাচসেরা : রশিদ খান।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে আফগানিস্তান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা