প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৮ পিএম
সম্প্রতি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পর বিসিবি থেকে পুরস্কারও বুঝে পেয়েছেন ক্রিকেটাররা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত থেকে বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা বুঝে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান শান্ত। এ সময় তিনি পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসেবে দেন উপদেষ্টা আসিফ মাহমুদকে।
এরপর শান্ত জানান, বোনাসের টাকার একটা অংশ ক্রিকেটাররা দেবেন বন্যার্তদের সাহায্যার্থে। তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মতি দিয়েছি একটা অংশ তাদের সাহায্য করার জন্য আমরা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছে, তাদের যে সক্ষমতা আছে ওই অনুযায়ী পাশে থাকার। ’
এর আগে পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে ম্যাচসেরা হয়ে নিজের প্রাইজমানি বন্যার্তদের দিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। সিরিজজুড়ে পুরস্কার পাওয়া লিটন দাস, মেহেদী হাসান মিরাজও নিজের প্রাইজমানি দান করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। লিটন বন্যার্তদের আর মিরাজ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিকশাচালকের পরিবারকে।
দেশের ক্রিকেটে বড় সাফল্য মিললে বোনাসও পেয়ে থাকেন ক্রিকেটাররা। এবার পাকিস্তান সিরিজের সাফল্যেও মোটা অঙ্কের বোনাস উঠেছে ক্রিকেটারদের হাতে। তবে এই বোনাস ক্রিকেটারদের চুক্তি অনুযায়ীই দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।