× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে বাজিমাত

বিলিয়নেয়ার রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০০ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০১ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

রেকর্ডের রাজপুত্র তিনি। কত শত কীর্তি আর মাইলফলক যে নিজের করে নিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। হোক মাঠে কিংবা মাঠের বাইরে; রেকর্ড তার পায়ে লুটোপুটি খেতে যেন বাধ্য। রেকর্ডকে যার নামের সমার্থক বললেও অত্যুক্তি হবে না। ফুটবলপ্রেমীদের বুঝতে এখন আর বাকি নেই- কার কথা বলা হচ্ছে। তিনি আর কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনালদো।

বর্ণিল ক্যারিয়ারের সায়াহ্নে এসে রেকর্ডের ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছেন এ মেগাস্টার। এই তো দিন কয়েক আগে মাঠের লড়াইয়ে ৯০০ গোল স্কোরের নজির গড়েছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও গড়লেন আরেক কীর্তি। গড়ে ফেলেন নয়া বিশ্ব রেকর্ড!

সিআর সেভেনই বিশ্বের প্রথম ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে, যিনি কিনা নিজের নামের পাশে যোগ করে ফেললেন ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারী। নতুন এই মাইলফলক স্পর্শ করেই বৃহস্পতিবার রাতেই ভক্ত-সমর্থকদের সুখবরটি দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার।

ইংরেজিতে 1B আকৃতির একটি ছবি শেয়ার করেছেন পর্তুগিজ এ মহা তারকা। যার মধ্যে তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের উল্লেখযোগ্য মধুর স্মৃতির ছবি জুড়ে দিয়েছেন। যার শিরোনামটা এমনÑ ১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা।

রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ছয়টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৯০ লাখ, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। দুইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই প্ল্যাটফর্মে তার অনুসারী ১৭ কোটি ৫ লাখ। আর এক্সে (সাবেক টুইটার) ১১ কোটি ৩০ লাখ।

খুশির খবর জানাতে পোস্টে রোনালদো লেখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি- ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি- এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’

ক্যারিয়ারের এমন সুদিনে এসেও ৩৯ বছরের এ পর্তুগিজ তারকা নিজের শিকড়ের কথা ভুলে যাননি, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের (সমর্থকদের) জন্য খেলেছি এবং এখন আমরা ১০০ কোটি মানুষ একত্র হয়েছি।’

অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো যোগ করেন, ‘আমার এ যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে, আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেরাটা আসতে এখনও বাকি। আমরা একসঙ্গে এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করতে থাকব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা