× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়

বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছেন শান্তরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩০ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৬ পিএম

বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছেন শান্তরা

সম্প্রতি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তরা স্বাগতিক দলকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। জয়-পরাজয় ছাপিয়ে টাইগারদের এমন পারফরম্যান্স বিশ্ব মহলের প্রশংসা আদায় করে নিয়েছে। এই দারুণ অর্জনের স্বীকৃতিস্বরূপ বড় অঙ্কের অর্থ বোনাস পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। সব মিলিয়ে টাকার অঙ্কটা ৩ কোটি ২০ লাখ।

বিসিবির মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল শনিবার বিকাল ৪টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাকিস্তান সিরিজে টেস্ট দলে থাকা সব ক্রিকেটারদের হাতে এই বোনাস তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। কারণ এই সিরিজের আগে তাদের বিপক্ষে সাদা পোশাকে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। অথচ এবার রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটের অসামান্য জয় তুলে নিয়েছেন লিটন-মিরাজরা।

ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফেরার পর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। অবশ্য সিরিজ জেতার পরক্ষণেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তখনই পুরো দলের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি।

যার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এ সময় পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠান ঘিরে তখনই এমন আলোচনা হচ্ছিল, ক্রিকেটাররা হয়তো গাড়ি, বাড়ি, জমি কিংবা টাকা পয়সা পেতে যাচ্ছেন! কিন্তু পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হলেও কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। এবার সেই প্রাপ্তিও তাদের হাতে উঠতে যাচ্ছে।

এদিকে পাকিস্তান সিরিজে শেষে এবার বাংলাদেশের লক্ষ্য ভারত সিরিজ। ২ টেস্ট এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে নাজমুল হোসেন শান্তরা। আসন্ন সফরের আগে পুরস্কার অর্জন নিশ্চিতভাবে নাজমুল হোসেন শান্তদেরকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা