প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৪ পিএম
বিশেষ উপলক্ষটা দারুণভাবে রাঙালেন হ্যারি কেইন। সংগৃহীত ছবি
ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলার বিশেষ উপলক্ষটা দারুণভাবে রাঙালেন হ্যারি কেইন। স্মরণীয় ম্যাচে একবার নয়, দুবার জাল কাঁপিয়েছেন তিনি। কেইনের জোড়া গোলের ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল থ্রি লায়ন্সরা।
মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। ম্যাচের দুটি গোলই হয় বিরতির পর। ৫৭ মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান কেইন। এরপর ৭৬ মিনিটে ননি মাদুয়েকে তাকে ডি-বক্সে খুঁজে নেওয়ার পর প্রথম ছোঁয়ায় গোল করেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার। ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ১০০তম ম্যাচে গোল পেলেন সাবেক টটেনহাম তারকা।
এই তালিকায় এর আগে ছিলেন মাত্র দুজন। ববি চার্লটন ১৯৭০ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে নিজের শততম ম্যাচে গোল করে করে তার সঙ্গী হন ওয়েন রুনি।
ম্যাচ শুরুর আগে কেইনকে স্মারক সোনালি টুপি উপহার দেওয়া হয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি ৩১ বছর বয়সী তারকা খেলেন সোনালি বুট পায়ে। ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা কেইনের ১০০ ম্যাচে গোল বেড়ে হলো ৬৮টি। তার নামের পাশে অ্যাসিস্ট আছে ১৭টি।
অন্তর্বর্তী কোচ লি কার্সলির অধীনে দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশরা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে অবস্থান করছে গ্রিস। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে গ্রিকরা। আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের পয়েন্ট শূন্য।
তবে অপর ম্যাচে জিততে পারেনি জার্মানি। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করে জার্মানি। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে টিয়ানি রেইন্ডার্স ডাচদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ডেনিজ উন্দাভ। জসুয়া কিমিখের গোলে জার্মানরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ডেনজেল ডামফ্রিস। দুই দলই জয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস, হাঙ্গেরির বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল জার্মানি।