× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিনের অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইটওয়াশ স্কটল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:২২ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৯ এএম

গ্রিনের অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইটওয়াশ স্কটল্যান্ড

বল হাতে প্রথমবার ৩ উইকেট শিকার করলেন ক্যামেরুন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার পরে ব্যাটিংয়ে খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। তার একক নৈপুণ্যের সামনে স্কটল্যান্ডের কোনো জবাব ছিল না। আর তাতেই টানা তিন ম্যাচ জিতে স্কটিশদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এডিনবরায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে স্কটল্যান্ড। জবাবে ২৩ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের অল্পে আটকে রাখার কারিগর গ্রিন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার। পরে ২ চার ও ৫ ছক্কায় ৩৯ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। গ্রিনের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

রান তাড়ায় দ্বিতীয় ওভারে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচে দ্বিতীয়বার রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমে ফেরেন তরুণ ওপেনার। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ট্রাভিস হেড।

চতুর্থ ওভারে ১২ রান করে ফেরেন হেড। এর আগে ৩৫ ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান পূর্ণ হয় বাঁহাতি ওপেনারের। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে কম ইনিংসে ১ হাজার রান করা ব্যাটসম্যান শুধু অ্যারন ফিঞ্চ (২৯ ইনিংস)।

তৃতীয় উইকেট জুটিতে পাল্টা আক্রমণ করেন মার্শ ও গ্রিন। দুজন মিলে গড়ে তোলেন ৩৬ বলে ৬১ রানের জুটি। ষষ্ঠ ওভারে দুজনই মারেন একটি করে ছক্কা। নবম ওভারে মার্ক ওয়াটের বল বাউন্ডারির পর ছক্কায় ওড়ান গ্রিন।

দশম ওভারে জেইক জার্ভিসের বলে পুল করতে গিয়ে স্টাম্পে টেনে আনেন ২৩ বলে ৩১ রান করা মার্শ। এরপর টিম ডেভিডের সঙ্গে আরেকটি পঞ্চাশ-ছোঁয়া জুটি গড়েন গ্রিন। জয়ের খুব কাছে গিয়ে আউট হন ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ২৫ রান করা ডেভিড। পরে অ্যারন হার্ডিকে নিয়ে বাকি কাজ সারেন গ্রিন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে অলি হেয়ার্সের উইকেট হারায় স্কটল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে পাল্টা আক্রমণের চেষ্টা করেন জর্জ মানজি ও ব্রেন্ডন ম্যাকমুলেন। দুজন মিলে ২০ বলে যোগ করেন ৩৪ রান।

পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন ১ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৫ রান করা মানজি। এরপর রানের চাকা সচল রাখেন ম্যাকমুলেন। তবে অন্যপ্রান্ত থেকে তেমন সহায়তা পাননি তিনি। অল্পতেই ফেরেন রিচি বেরিংটন, ম্যাথু ক্রসরা।

একপ্রান্ত আগলে রেখে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করেন ম্যাকমুলেন। ১৭তম ওভারে আউট হন তিনি ৩টি করে চার ও ছক্কায় ৩৯ বলে ৫৬ রান করে। এছাড়া আর কেউই ২০ রানও করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৪৯/৯ (মানজি ২৫, হেয়ারস ১২, ম্যাকমুলেন ৫৬, বেরিংটন ৮, ক্রস ৭, লিস্ক ১৩, ওয়াট ১৮, জার্ভিস ৩, সোল ২, শারিফ ১*, কারি ১*; হার্ডি ৩-০-১৮-২, অ্যাবট ৪-০-২৮-২, কনোলি ৩-০-২৫-০, স্টয়নিস ২-০-১৪-১, গ্রিন ৪-০-৩৫-৩, জ্যাম্পা ৪-০-২৮-১)
অস্ট্রেলিয়া: ১৬.১ ওভারে ১৫৩/৪ (হেড ১২, ম্যাকগার্ক ০, মার্শ ৩১, গ্রিন ৬২*, ডেভিড ২৫, হার্ডি ১১*; ম্যাকমুলেন ৩-০-২৩-০, কারি ৩-০-২০-২, সোল ৩.১-০-২৮-১, শারিফ ২-০-২০-০, ওয়াট ৩-০-৩৮-০, জার্ভিস ২-০-২২-১)
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০তে জয়ী অস্ট্রেলিয়া
ম্যান অব দা ম্যাচ: ক্যামেরুন গ্রিন। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা