বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৬:৫৬ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৯:১৭ পিএম
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো নাস্তানুবাদ হয়েছে পাকিস্তান। ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের কাছে ১০ উইকেটে হেরেছে শান মাসুদের দল। শুক্রবার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। সিরিজ হার বাঁচাতে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান। প্রথম টেস্ট চলাকালেই প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছিলেন পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তার না খেলারই কথা ছিল। বাঁহাতি এই পেসারকে বাদ দিয়েই রাওয়ালপিন্ডি টেস্টের দল সাজিয়েছে জেসন গিলেস্পির দল।
এদিকে প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল পাকিস্তান। যে কারণে একই সময়ে শুরু হওয়া বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেন আবরার আহমেদ। এবার দ্বিতীয় টেস্টের স্কোয়াডে এই লেগ স্পিনারকে ফিরিয়ে এনেছে দলটি৷
দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড : আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহঅধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা।