প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২০:১৮ পিএম
গত ২১ আগস্ট জরুরি বোর্ড সভা ডেকেছিল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিনই আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন
নাজমুল হাসান পাপন। এরপর নতুন বোর্ড সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব গ্রহণ করেন ফারুক
আহমেদ। এ ছাড়া নতুন করে পরিচালক পদে এসেছেন প্রখ্যাত কোচ ও ক্রিকেট সংগঠক নাজমুল আবেদিন
ফাহিম।
বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন । জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় বিসিবির কার্যালয়ে শুরু হবে সভাটি। চলমান বাস্তবতায় এবারের বোর্ড সভাটিও আলাদা নজরে থাকবে। ফারুকের সভাপতিত্বে নতুন বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
এদিকে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের
পর বিসিবির বেশিরভাগ পরিচালক এখন আত্মগোপনে আছেন। বিসিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী
আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে থাকা বোর্ড পরিচালকেরা পদত্যাগ করতে পারেন কিংবা সামনে জায়গাও
হারাতে পারেন।
বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির বোর্ড সভার জন্য দরকার ৯ পরিচালক। ২৫ পরিচালকের বোর্ড সভায় অন্তত এক তৃতীয়াংশ পরিচালকের উপস্থিতির কথা উল্লেখ আছে। সচিবালয়ে সর্বশেষ বোর্ড সভাতে কোরাম পূর্ণ হওয়া নিয়েও ছিল সংশয়। শেষমেশ কোরাম পূর্ণ হয় দুই নতুন পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের কল্যাণে।
নাজমুল হাসান পাপনের বোর্ড থেকে বোর্ড সভায় হাজির হয়েছিলেন কেবল ৮ পরিচালক। জরুরি বোর্ড সভায় উপস্থিত হয়েছিলেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন, সালাউদ্দিন চৌধুরি, ইফতেখার আহমেদ মিঠু, কাজী ইনাম ও মাহবুব আনাম। বৃহস্পতিবারের সভাতেও তারাই উপস্থিত থাকতে পারেন।
এদিকে, সভাপতির পদ ছাড়লেও পাপন এখনো পরিচালক পদে আছেন। পরিচালক হিসেবে এখনো আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ইসমাইল হায়দার মল্লিক, নাঈমুর রহমান দুর্জয়, ওবেদ রশীদ নিজাম, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মর্তুজা, শফিউর রহমান চৌধুরী নাদেল, আ জ ম নাসিরসহ ১৫জন।
গঠনতন্ত্র অনুযায়ী, টানা তিনটি বোর্ড
সভায় যদি কোনো পরিচালক অনুপস্থিত থাকেন তাহলে তার পদ শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে বৃহস্পতিবারের
সভার পরও তারা পরিচালক থেকে যাবেন। এরপরের সভাতেও তারা অনুপস্থিত থাকলে এই পদগুলো আনুষ্ঠানিকভাবে
শূন্য করা যাবে।