প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২০:১২ পিএম
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সব ক্ষেত্রেই চলছে পরিবর্তনের ছোঁয়া। বাদ যায়নি দেশের ক্রীড়াঙ্গনও। সংস্কারের অংশ হিসেবে গত ২১ আগস্ট ভেঙে দেওয়া হয়েছে দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার কমিটি। সেই কমিটি ভেঙে এখন নতুন করে অ্যাডহক কমিটি গঠন হবে।
মঙ্গলবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই অ্যাডহক কমিটির একটি রূপরেখা প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই ধারাবাহিকতায়
দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করার
নির্দেশনা দিয়েছে সংস্থাটি। তিন স্তরেই অ্যাডহক কমিটির কাঠামোবিন্যাস একই। কমিটির কাঠামোতে
রাখা হয়েছে একজন করে ছাত্র প্রতিনিধি এবং একজন ক্রীড়া সংবাদিকও।
এনএসসির সচিব
আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক
হবেন বিভাগীয় কমিশনার। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক হবেন জেলা প্রশাসক এবং উপজেলা ক্রীড়া
সংস্থার আহ্বায়ক হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিন ধরনের ক্রীড়া
সংস্থাতেই সাত সদস্যের কমিটিতে দুজন সরাসরি ক্রীড়াসম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড়, কোচ,
রেফারি প্রমুখ) থাকবেন। একজন থাকবেন স্থানীয় সর্বজনশ্রদ্ধেয়/ সর্বজনগ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী
বা ক্রীড়াসংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি। একজন থাকবেন ক্রীড়াসম্পৃক্ত/ সংগঠক ছাত্র প্রতিনিধি,
আরেকজন ক্রীড়া সংবাদিক।
বিভাগীয় ক্রীড়া
সংস্থার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় সদর দপ্তর যে জেলায় অবস্থিত, সে জেলার
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কমিটির সদস্য থাকবেন। জেলা ক্রীড়া সংস্থার ক্ষেত্রে
সদস্য হবেন জেলা ক্রীড়া কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা।
সব বিভাগীয় কমিশনার,
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ অ্যাডহক কমিটি গঠন করে তা অনুমোদনের
জন্য এনএসসিতে পাঠাতে বলা হয়েছে। একটি জেলা-বিভাগে খেলাধুলা আয়োজন ও ব্যবস্থাপনায় অনেক
ব্যক্তির প্রয়োজন। বর্তমান অ্যাডহক কমিটি সাত সদস্যবিশিষ্ট হলেও অ্যাডহক কমিটির সভাপতি/
আহ্বায়ক সভায় কোনো ব্যক্তিকে উপস্থিত করার বিশেষ অধিকার রাখেন।