প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২১:০৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ২২:১০ পিএম
দেশে থাকতেই নাজমুল হোসেন শান্ত
বলেছিলেন, ‘বৃত্ত ভাঙতে চাই।’ পাকিস্তানের বিপক্ষে টেস্টের বৃত্তটা ছিল এমন ১৩ ম্যাচ,
১২ হার, এক ড্র। খেরোখাতার এমন নাজুক অবস্থায় বাংলাদেশ দলের অধিনায়কের চাওয়াটা বাড়াবাড়ি
ছিল বটে! কিন্তু রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে টেস্ট জিতেছেন শান্ত ব্রিগেড। এ নিয়ে টেস্ট
খেলুড়ে ৯ দলের বিপক্ষে তিন সংস্করণেই জিতল বাংলাদেশ। এই কীর্তিতে এখনও বাকি আছে ভারত
ও দক্ষিণ আফ্রিকা।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার
পর বাংলাদেশ এখন অবধি জিততেই পেরেছে মাত্র ২০টি টেস্ট। এর মধ্যে ইনিংস ব্যবধানেও জিতেছে
দুবার। রানের ব্যবধানের হিসাবে গেলে ৫৪৬ রানের জয়ও আছে। তবে উইকেটের ব্যবধানে এর আগে
বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয় ছিল ৮ উইকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে মাউন্ট
মঙ্গানুই টেস্ট জয় এবার ছাপিয়েছে রাওয়ালপিন্ডিতে। শান মাসুদরা দুই টেস্টের প্রথমটিতে
হেরেছে ১০ উইকেট ব্যবধানে।
বাংলাদেশের কাছে টেস্ট খেলুড়ে সবকটি
দলই সাদা বলের খেলায় ম্যাচ হেরেছে। লাল বলের ক্ষেত্রে এখনও অপরাজিত আছে ভারত ও দক্ষিণ
আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ১৪ টেস্টের ১২টিতেই হার দেখেছেন টাইগাররা। আছে দুটি ড্র।
ভারতের বিপক্ষে ১৩ টেস্টেও দুটি ড্র করেছে বাংলাদেশ। বাকি ১১টিতেই হার।
বাংলাদেশের কাছে টেস্টে এখন অবধি
সবচেয়ে বেশি হেরেছে জিম্বাবুয়ে। আফ্রিকার দেশটির বিপক্ষে ১৮ টেস্টের আটটি জিতেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ হেরেছে চারটিতে। দুটি টেস্ট হেরেছে নিউজিল্যান্ড। বাকি ছয় দলকে (অস্ট্রেলিয়া,
ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান) একবার করে হারের স্বাদ
দিয়েছে টাইগার ব্রিগেড।