× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিং বীরত্বে রত্নায়েকের কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২৩:০৫ পিএম

মিলান রত্নায়েকে

মিলান রত্নায়েকে

শ্রীলঙ্কা ৭ উইকেট খুইয়ে খাবি খাচ্ছিল। দলীয় স্কোর তখন মাত্র ১১৩। দলের এমন বাজে অবস্থার সময় মিলান রত্নায়েকে ক্রিজে নামেন ব্যাট হাতে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক আর নিজে যে একজন বোলার, বেমালুম ভুলে গেলেন। আসলে ভুলে যেতে বাধ্য হলেন। দল বিপর্যয়ের মুখে। ব্যাট হাতে রুখে দাঁড়ানোটা যে বড্ড প্রয়োজন ছিল।

ব্যাট হাতে কিছু একটা করে দেখানোর প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিলেন। সে আবার ব্যাটিং অর্ডারে ৯ নম্বরে নেমে। কেউ কল্পনাও করেননি রত্নায়েকে অবিশ্বাস্য ইনিংস উপহার দিতে পারবেন! কারোর কোনো ভাবনায় তার কিছু যায়-আসেনি। তাই অসম্ভবকে সম্ভব করে দেখালেন।

ম্যানচেস্টার টেস্টে বুধবার প্রথম দিনে রত্নায়েকে পুরোদস্তুর একজন ব্যাটার বনে গিয়ে দেখালেন বীরত্ব। তার ব্যাটিং দৃঢ়তায় শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রানের সম্মানজনক একটি স্কোর দাঁড় করায়। রত্নায়েকে ব্যাট হাতে দেখিয়ে দেন তিনি একাই যেন একশ। ১৩৫ বল খেলে ৭২ রানের দুরন্ত এক ইনিংস খেলে লেখেন নয়া ইতিহাস।

তাতে বাউন্ডারি ৬টি আর ছক্কার মার ছিল ২টি। কোনো সন্দেহ নেই, রত্নায়েকের ইনিংস ঐতিহাসিকই। কারণ পুরুষদের লাল-বলের ক্রিকেটে অভিষেক ম্যাচে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে এর চেয়ে বড় ইনিংস খেলতে পারেননি যে আর কেউ।

রত্নায়েকে দাপুটে এই ইনিংস খেলার পথে টপকে গেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অলরাউন্ডার বলবিন্দর সিং সান্ধুর কীর্তিকে। অভিষেক টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৮৮ বলে ৭১ রানে তুলেছিলেন বলবিন্দর, ১৯৮৩ সালে হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে।

রত্নায়েকের এই রেকর্ডের আগে পুরুষদের টেস্টে অভিষেক ম্যাচে ৯ নম্বরে ব্যাটিং করে এত দিন সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি ছিল বলবিন্দরেরই। গুনে গুনে ৪১ বছর পর বলবিন্দরের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান পেসার রত্নায়েকে।

রত্নায়েকে যখন মাঠে নামেন, তখন ক্রিজে ছিলেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। অষ্টম উইকেটে দুজনে মিলে গড়েন ৬৩ রানের দারুণ কার্যকরী এক পার্টনারশিপ। অধিনায়ক তাকে কী পরামর্শ দিয়েছিলেন? এ নিয়ে প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমে কথা বলেন রত্নায়েকে।

অনুবাদকের সহায়তা নিয়ে ২৮ বছরের এ পেসার বলেন, ‘অধিনায়ক চেয়েছিলেন আমি যেন টিকে থাকি এবং তাকে সমর্থন দিই। আমি সেটাই করেছি এবং তিনি আউট হওয়ার পর নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা