প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৫:০১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১৫:০১ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিল বাংলাদেশ দল। লম্বা বিরতির পর আবারও মাঠের ক্রিকেটে ফিরছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড।
আগামীকাল বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও শুরু হবে একই ভেন্যুতে। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
দুই ম্যাচের এই সিরিজ বাংলাদেশে দেখাবে দুই বেসরকারি টিভি চ্যানেল। টি স্পোর্টস ও জিটিভির পর্দায় দেখা যাবে শান্ত-সাকিবদের ম্যাচ। খেলা ছাড়াও ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণ পর্বও সাজিয়েছে এই দুই গণমাধ্যম।
পাকিস্তান ইতোমধ্যে প্রথম টেস্টের একাদশই প্রকাশ করে ফেলেছে। শান মাসুদের নেতৃত্বে প্রথম টেস্টের দলে আছেন আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ।
পাকিস্তান সফরে যথারীতি বাংলাদেশ দলের নেতৃত্বে রয়েছেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলের অন্যান্য সদস্যরা হলেন- মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। যদিও চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। তাসকিন খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে।