× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফে প্রধানের পদ ছাড়বেন না সালাউদ্দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৪:৫৭ পিএম

বাফুফে প্রধানের পদ ছাড়বেন না সালাউদ্দিন

বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তনের দাবি উঠেছে। ক্রিকেটে নাজমুল হাসান পাপন আর ফুটবল থেকে কাজী সালাউদ্দিনের অপসারণ চাইছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীরা। এই ইস্যুতে পাপন একদম নীরব থাকলেও মুখ খুলেছেন সালাউদ্দিন। 

পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা। সেখানে পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে এমন ইচ্ছের কথা ব্যক্ত করেছেন তিনি।

কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে? অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না।’

বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাহউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। তবে সেই আলটিমেটামকে গুরুত্ব দিচ্ছেন না ২০০৮ থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাহউদ্দিন। সালাহউদ্দিন মনে করেন, সরে যাওয়ার মতো অন্যায় কিছু তিনি করেননি। নির্বাচনে হারলেই কেবল তিনি সরবেন। কোনো হুমকিতে তিনি ভীত হতে নারাজ। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চাইবেন বাফুফে সভাপতি।

পদত্যাগের দাবি করা ফুটবল আল্ট্রাস বিলুপ্ত ক্লাব সাইফ স্পোর্টিংয়ের হয়ে কথা বলছে বলেও জানালেন সালাউদ্দিন। তিনি বলেন, ওরা আমার পদত্যাগ চাওয়ার কে, সেটা আমি জানতে চাই। ফুটবলে এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথায় আছে, তা আমি জানতে চাই। ওরা বললেই তো হবে না। ওরা কারা? ওরা সাইফ স্পোর্টিংয়ের (২০২২ সালে বিলুপ্ত ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিন) হয়ে কথা বলছে। ফুটবলে তাদের কতটুকু অবদান আছে?

১৫ বছর ধরে কাজী সালাউদ্দিন সাফেরও সভাপতি। তার মতে, নির্বাচন না করার জন্য জোর করা ঠিক নয়। সালাউদ্দিন বলেন, ‘ওরা বলছে, আমি এখন পদত্যাগ না করলে ঘোষণা দিতে হবে, যাতে নির্বাচন না করি। এটা তো জোর করা। নির্বাচন করব না, এই প্রতিশ্রুতি জোর করে আপনি আদায় করতে পারেন না।’




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা