প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২২:০৩ পিএম
১৯৮৩ সালে প্রথমবারের বিশ্বকাপ জিতেছিল ভারত। দেশটির সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন অংশুমান গাইকোয়াদ। সাবেক এই ক্রিকেটার ও কোচ মরণঘাতি ক্যান্সারের সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
গত জুন মাস পর্যন্ত ব্লাড ক্যান্সারের চিকিৎসার কাজে লন্ডনে ছিলেন অংশুমান। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে গতমাসে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে বারোডায় নিজ বাসাতেই ছিলেন। শারীরিক নানা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অংশুমান।
ভারতের হয়ে ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ৪০ টেস্ট এবং ১৫ ওয়ানডে ম্যাচ খেলেছেন অংশুমান গাইকোয়াদ। খেলা ছাড়ার পর নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। পরে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বেও কাজ করেছেন দুই দফায়।
১৯৮৩ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নায়ক কপিল দেবের সতীর্থ ছিলেন অংশুমান। নিজ সতীর্থের ক্যান্সারের চিকিৎসায় পেনশনের অর্থ দিয়ে সাহায্য করতেও প্রস্তুত ছিলেন কপিল। এছাড়া ভারতের ক্রিকেট বোর্ডকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
পরে অংশুমানের চিকিৎসায় ১ কোটি ভারতীয় রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। তবে কোনো সাহায্যই আর থামাতে পারল না অংশুমানের মৃত্যুকে। তার মৃত্যুর খবরে ভারতের ক্রিকেটে নেমেছে শোকের ছায়া। রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, ভারতের বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাও শোক জানিয়েছেন অংশুমানের মৃত্যুতে।