প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১০:৫৬ এএম
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের জার্সি নিলামে তোলা হয়েছে। খেলাধুলায় বিরল স্মারকগুলো নিলামে তোলার এ উদ্যোগ নিলামকারী প্রতিষ্ঠান সথেবির।এটি নিউইয়র্কে নিলামে তোলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ম্যারাডোনার ১৯৮৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালের সই করা জার্সি আগামী মঙ্গলবার পর্যন্ত নিউইয়র্কে সথেবির নিলামে জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে। ২রা আগস্ট শেষ হতে যাওয়া এই নিলামের ক্ষেত্রে ম্যারাডোনার পরিবারের অনুমতি নেয়া হয়েছে বলা হয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জার্সিটির প্রত্যাশিত মূল্য ৯ লাখ ডলার নির্ধারণ করেছে তারা।এই জার্সিটি ’৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষের ম্যাচে পরেছিলেন এই কিংবদন্তি।
মেক্সিকো সিটির অ্যাস্তাদিও অ্যাতজেকা স্টেডিয়ামে ম্যারাডোনার জোড়া গোলে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা জয়ও করে আলবেসেলেস্তেরা।
সেমিফাইনালে জয়ের পর বেলজিয়ামের গোলকিপার জেন-মারি-পাফসের গ্লাভসের বদলে নিজের জার্সি বদল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা।এতে কিংবদন্তির অটোগ্রাফও ছিল।এছাড়া বেলজিয়াম গোলরক্ষকের উদ্দেশে লেখেন, ‘ গ্রেটজে-মারির জন্য আমার ভালোবাসা।’
জার্সিটি পাফসের ফুটবল জাদুঘরে প্রদর্শিত করা হয়েছিল। গত বছর এটির উদ্বোধন করা হয়। যেখানে ফুটবলের স্মারক ট্রফি ও ক্রীড়াবিদদের পরিহিত জার্সি সংরক্ষণ করা হচ্ছে।