প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১৭:০৭ পিএম
কিলিয়ান এমবাপের নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদ। ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে স্প্যানিশ উইঙ্গারকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। সেখানে নিজের পরিকল্পনা এবং ইচ্ছার কথা জানান এমবাপে। কোচের পরিকল্পনা ও ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে জুটি বেঁধে খেলতে প্রতিজ্ঞাবদ্ধ ফ্রান্সম্যান।
ব্রাজিল তারকা ভিনিসিয়াস লেফট উইঙ্গে খেলেন। একই পজিশন পছন্দ এমবাপেরও। যদিও লেফট-রাইট ও সেন্ট্রাল-সব পজিশনেই খেলার অভিজ্ঞতাসম্পন্ন এমবাপে। এ নিয়ে তিনি বলেন, ‘কোচ (কার্লো আনচেলত্তি) আমাকে যেখানে খেলাবেন, খেলবো। প্যারিসে আমি তিন পজিশনেই খেলেছি। এমনকি মোনাকোতেও। গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিকভাবে ভালো অবস্থানে থাকা।’
এসময় ভিনিসিয়াসের প্রশংসাও করেন এমবাপে। ফ্রান্স অধিনায়ক বলেন, ‘ভিনিসিয়াস ভিন্নধর্মী। সে বড় মাপের খেলোয়াড়। আমি তার সঙ্গে আনন্দ নিয়েই খেলবো এবং দলের অন্যদের সঙ্গেও। ভালো খেলোয়াড়রা খুব ভালো করে জানে কীভাবে একসঙ্গে খেলতে হয়। সর্বশেষ মৌসুমে তিনি খুবই ভালো খেলেছেন। এখন এই দলের সঙ্গে আমাকেই মানিয়ে নিয়ে খেলতে হবে। যত দ্রুত সম্ভব নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।’
আগামী মাসে বার্নাব্যুতে যোগ দেবেন এমবাপে। এসময় দলের সঙ্গে প্রাক মৌসুমের ম্যাচ খেলবেন। ১৫ আগস্ট আটালান্টার বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে এমবাপের।