প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১৬:০২ পিএম
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একের পর এক দুঃসংবাদ। এ মাসের প্রথম সপ্তাহে না ফেরার দেশে পড়ি জমিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দুই সপ্তাহ যেতে না যেতে পৃথিবীর মায়া ত্যাগ করলেন শুটার আতিকুর রহমান।
ঢাকার এক হাসপাতালে বুধবার সকালে মারা গেলেন শুটার আতিক। বাংলাদেশের এই কিংবদন্তি শুটার ২০১৪ সাল থেকে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। দীর্ঘ এক দশক লড়ার পর অবশেষে হার মানতে হলো তাকে।
১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে ১০ মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন আতিক। এ ছাড়া ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন আতিক। কমনওয়েলথের পাশাপাশি দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণপদক জয়ের কৃতিত্ব রয়েছে আতিকের।
শারীরিক অসুস্থতায় গত কয়েক বছর একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কন্ঠনালীর ক্যানসারে আক্রান্ত ছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা করালেও শেষ পর্যন্ত হার মেনেই গেলেন। কৃতি এই শুটারের জীবন থামল মাত্র ৫৯ বছর বয়সেই। আতিকের জানাজা অনুষ্ঠিত হবে আজ বিকেলে শুটিং ফেডারেশনে।