প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ০৮:২৬ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১১:৩০ এএম
শিরোপা হাতে ক্যাপ্টেন রোহিত শর্মা
দীর্ঘ ১৩ বছর পর বিশ্ব শিরোপা এসেছে ভারতের ঘরে। আর ১৭ বছর পর পেয়েছে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ। কিন্তু চ্যাম্পিয়ন হয়েই হারিকেন বেরিলের কারণে ব্রিজটাউনে আটকে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। অবশেষে ট্রফি নিয়ে দেশে ফিরলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
বার্বাডোজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে উড়িয়ে এনেছে এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড বিমান। তবে ভারতীয় ক্রিকেট দলকে দেশে ফেরাতে বাতিল করা হয় নিউইয়র্ক-দিল্লি ফ্লাইট। যে বিমানে করে রোহিতরা দেশে পা রেখেছেন, সেই বিমানে নিউইয়র্ক থেকে দিল্লিতে আসার কথা ছিল সাধারণ যাত্রীদের। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে বিতর্ক ছাপিয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোর থেকেই ভিড় করেন ভারতীয় ক্রিকেটভক্তরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার কিছুক্ষণ পর দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিতদের চার্টার্ড ফ্লাইট। এ বিমানেই দেশে ফিরেছেন ক্রিকেটার ও তাদের পরিবার, বিসিসিআই কর্মকর্তা ও ক্যারিবিয়ান অঞ্চলে আটকে পড়া ভারতীয় সাংবাদিকরা। পরে পৌনে ৭টার দিকে রোহিত শর্মা-বিরাট কোহলিরা বিমানবন্দর ছেড়ে টিম বাসে ওঠেন।
আজ বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটাররা দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। পরে দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে রোহিতদের। সেখানে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ১ কিলোমিটার প্যারেড হওয়ার কথা রয়েছে। সেই প্যারেডে অংশ নেওয়ার জন্যে ক্রিকেটপ্রেমীদের আহ্বান জানিয়ে রেখেছেন বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা নিজে। বিশ্বকাপ জিতে বিদেশের মাটিতে উদ্যাপন সারলেও দেশের মাটিতে ভারতীয় ক্রিকেটার ও ক্রীড়া অনুরাগীদের উৎসব আর উদ্যাপন শুরু হলো এবার।