প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৯:৫০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২০:১৩ পিএম
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন হার্দিক— সংগৃহীত ছবি
ক্রিকেট যার থেকে কেড়ে নেয়, তাকে দুই হাতে ভরিয়েও দেয়— এই মুহূর্তে কথাটি খুব ভালো করে অনুধাবন করতে পারবেন হার্দিক পান্ডিয়া। মাসদুয়েক আগেও নানা সমস্যার মাঝ দিয়ে যেতে হয়েছে তাকে। শুনতে হয়েছে দুয়ো। এমনকি ভারতের দলে তার থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন। সেই হার্দিক এখন আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার। এটা এমন এক কীর্তি যা আগে কখনও কোনো ভারতীয় ক্রিকেটার করতে পারেননি।
আটলান্টিক পাড়ে বসা কুড়ি কুড়ির বিশ্বকাপে দেড়শর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন হার্দিক। ১৪৪ রানের পাশাপাশি বল হাতে ছিল ১১টি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালেও পেস বোলিং অলরাউন্ডার ছিলেন দুর্দান্ত। ব্যাটে-বলে দাপুটে ফাইনাল খেলার পুরস্কার বুধবার (৩ জুলাই) আইসিসি থেকে পেয়েছেন র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে।
দুই ধাপ এগিয়েছেন হার্দিক। তবে তিনি শীর্ষ ভাগাভাগি করছেন ২২২ রেটিং পয়েন্ট নেওয়া শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে। বোলিংয়ে ছয় ধাপ এগিয়ে ৫২ এবং ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন ভারতের এই তারকা। সবশেষ র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও বাংলাদেশের সাকিব আল হাসান এক ধাপ করে এগিয়ে তিন, চার ও পাঁচে এসেছেন।
টি-টোয়েন্টি ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের আদিল রশিদ। তবে বড় লাফ দিয়ে বোলিংয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়া। সাত ধাপ উন্নতি হয়েছে বিশ্বমঞ্চে ১৫ উইকেট নেওয়া এই পেসারের।