প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২৩:০৯ পিএম
সাকিব আল হাসান
বড় আশায় বুক বেঁধেছিলেন সাকিব আল হাসান। ভালো কিছু উপহার দিতে পা রেখেছিলেন টি-টোয়েন্টি বিশ্বমঞ্চে। তারকা এ অলরাউন্ডারকে ঘিরে প্রত্যাশা ছিল দেশের ক্রিকেট অনুরাগীদেরও। কিন্তু সাকিব আল হাসানের পারফরম্যান্স প্রত্যাশা পূরণে ব্যর্থ। এ কারণে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ সাকিবকে দিয়েছেন অবসরের পরামর্শ। সাকিবের মতো একজন সিনিয়র ক্রিকেটার বাজে খেলায় স্বাভাবিকভাবে তার অবসর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
গতকাল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে অংশ নিতে দেশ ছেড়েছেন সাকিব। বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের অবসর নিয়ে কথাও বললেন। হাসতে হাসতে সাকিব বলেন, নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে এখন তার দীর্ঘমেয়াদের পরিকল্পনা নেই। তিনি এখন মাঠে লড়াই করতে চান তিন মাস, ছয় মাসের পরিকল্পনা নিয়ে। এ নিয়ে সাকিব বলেন, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা। একটি এমএলসি, যেটা খেলতে এখন যাচ্ছি। এরপর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি আছে। এই দুটি টুর্নামেন্ট খেলব। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’
বড় ধরনের পরিকল্পনা নেওয়ার আগে নিজের অবস্থাটা বুঝতে চান। যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি আসর দুটিতে সেই সুযোগ নিতে চান। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় নারাজ সাকিব, ‘এখন ও-রকম সময় নেই যে, তিন-চার বছরের পরিকল্পনা করব। তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। পরবর্তী পরিকল্পনা এরপর। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই পরিকল্পনা।’
কুড়ি কুড়ির মহাযজ্ঞে টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন সাকিব নিজেও। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এ টুর্নামেন্টে বাংলাদেশের যতদূর যাওয়া উচিত ছিল, নাজমুল হোসেন শান্তর দল সেখানে পৌঁছতে পারেনি। এমনটাই মনে করেন সাকিব। কারণটা ব্যাখ্যা করে বলেন, ‘এটা বলা মুশকিল। যারা নীতিনির্ধারক আছেন, তারা ভালো বলতে পারবেন। কোচ, অধিনায়ক, দলের যারা আরও অংশ আছেন, সঙ্গে ক্রিকেট অপারেশনস, বোর্ড সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। তারা আলাপ-আলোচনা করে বুঝতে পারবেন, কোথায় কীসের ঘাটতি ছিল।’