সাকিবও দিয়েছেন ব্যাখা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২০:০০ পিএম
তাসকিনের ঘুমকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবও— সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে ম্যাচের পর প্রশ্ন উঠেছিল, ‘কেন একাদশে নেই তাসকিন আহমেদ।’ সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান সেদিন কোচ ও অধিনায়কের কোর্টে বল ঠেলে উত্তর দেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের প্রায় সপ্তাহখানেক পর আবারও সেই ইস্যুতে আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালকের সূত্রে ক্রিকবাজ জানিয়েছে, তাসকিনকে ডিসিপ্লিন না মানার কারণে বাদ দেওয়া হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়, ঘুমের কারণে বাস মিস করেছিলেন তাসকিন। কোচ হয়তো সেই কারণেই পরিকল্পনা থেকে টাইগার পেসারকে বাদ রেখেছিলেন।
খোদ তাসকিনও বাস মিস করার বিষয়টি স্বীকার করেছেন। তবে ঘুমের কারণে নয়, দলের কম্বিনেশন ঠিক রাখার কারণে তাকে বাদ দেওয়া হতে পারে বলে ধারণা তার। বিসিবি সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ যদিও জানিয়েছে, তাসকিনের ঘুমকাণ্ডের কথা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বোর্ড কর্তা বলেছেন, তাসকিন আগের রাতে ঠিক সময়ে ঘুমাতে পারেননি। পরের দিন সকালে যে কারণে তিনি সময়মতো উঠতে পারেননি এবং টিম বাস মিস করেন।
গত ২২ জুন অ্যান্টিগায় ভারতের বিপক্ষে তাসকিনের একাদশে থাকার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন আসে। তাসকিনের পরিবর্তে দলে নেওয়া হয় জাকের আলীকে। ওই ম্যাচে দুই পেসার নিয়ে ভারতের বিপক্ষে নামায় আলোচনাও কম হয়নি। সূত্র বলছে, ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক্স ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাসকিন নেই। এরপর তারা তাকে ফোন করতে থাকেন। কিন্তু তাসকিন ফোন রিসিভ করেননি। আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। তাই তাসকিনকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস। তবে তাকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে। পরে তিনিই তাসকিনকে নিয়ে মাঠে যান। রোহিত শর্মাদের বিপক্ষে শেষ পর্যন্ত তাকে না রেখেই দল সাজান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
টিম বাস মিস করা তাসকিন যদিও টসের আগেই মাঠে ছিলেন। জাতীয় সংগীত গাওয়ার সময়ও তিনি মাঠেই উপস্থিত ছিলেন। ক্রিকবাজকে ওই বোর্ড কর্তা দলের সহ-অধিনায়ককে না রাখার কারণ তাই সরাসরি বলেননি, ‘এটা সত্য যে তাসকিন বাস মিস করেছিল। পরে দলের সঙ্গে যোগ দিয়েছে। তবে সে কেন খেলেনি, সে পরিকল্পনায় ছিল কি না, তা নিয়ে কোচই ভালো বলতে পারবেন।’
ক্রিকবাজ পরে কোচ হাথুরুসিংহের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছে। তবে তখন তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি। সংবাদমাধ্যমটি পরে ওই বোর্ড কর্তার কাছে জানতে চেয়েছিল, তাসকিন এবং কোচের মাঝে দূরত্ব তৈরি হয়েছে কি না? উত্তরে তিনি বলেন, ‘যদি সমস্যা থেকেই থাকত, তাহলে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচেই একাদশে (তাসকিন) জায়গা পেল কী করে? সে দলের সবার কাছে সময়মতো ঘুম থেকে উঠতে না পারার কারণে ক্ষমা চেয়েছে। এতটুকুই। এটা নিয়ে কোনো ইস্যু বানানোর তো প্রয়োজন নেই!’
নিশ্চিত করেছেন সাকিবও
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে যাওয়ার আগে তাসকিনের ঘুমের বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসান। মঙ্গলবার বিমানবন্দরে সেদিনের ঘুম-কাণ্ড পুরোটি সাংবাদিকদের বলেছেন সাকিব, ‘ক্রিকেটে একটা নিয়ম আছে, দলের বাস কারও জন্য অপেক্ষা করে না। যদি কেউ কখনো বাস মিস করে, তারা পরে গাড়ি নিয়ে মাঠে আসে। ওয়েস্ট ইন্ডিজে ট্রান্সপোর্টের সাপোর্টটা অনেক কঠিন ছিল। যখন তাসকিন পৌঁছেছিল, টস হওয়ার ৫-১০ মিনিট আগে। স্বাভাবিকভাবে কঠিন ছিল ওই সময় তাকে দলে নেওয়া। তাসকিন পরে এর জন্য দলের সবার কাছে ক্ষমা চেয়েছে। দলের সবাইও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। অনিচ্ছাকৃত ভুল সবারই হতে পারে। সেও এটা স্বীকার করেছে। তারপর ওখানেই এটা শেষ হয়ে গেছে।’
সেদিন তাসকিনকে ছেড়ে বাস চলে গেলেও বিসিবির একজন স্টাফকে রেখে দেওয়া হয়েছিল। ক্রিকবাজ জানিয়েছে, বিসিবির থেকে ফোন করেও তাসকিনকে পাওয়া যায়নি। সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তাকে রুম থেকে ডেকে আনা হয়নি? সাকিব দিয়েছেন কৌশলী উত্তর, ‘ক্রিকেটে এ রকম রীতি নেই যে কাউকে ঘর থেকে ডেকে আনবে। দল কখনোই কারও জন্য অপেক্ষা করে না। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।’
বাংলাদেশ দলের সহঅধিনায়ক তাসকিন এখন আছেন শ্রীলঙ্কায়। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন টাইগার পেসার। যুক্তরাষ্ট্রের লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।