প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৭:৪১ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৮:২০ পিএম
টি-টোয়েন্টি
বিশ্বকাপ শেষ হলেও সূর্যকুমার যাদবের ক্যাচ বিতর্ক যেন শেষ হবার নয়। শিরোপার মঞ্চে ডেভিড
মিলারের ক্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা কথার খই ফোটাচ্ছেন। কারও মতে সূর্যকুমারের পা
বাউন্ডারির কুশন স্পর্শ করেছে, বিপরীত মন্তব্যও আছে। ফাইনালের সেই বিতর্ক নিয়ে অবশেষে মুখ
খুলেছেন সূর্যকুমার নিজেই।
দক্ষিণ
আফ্রিকার ইনিংসের ২০তম ওভারে হার্দিক পান্ডিয়ার করা ওভারের প্রথম বলে সীমানাদড়ির ওপর
থেকে ছোঁ মেরে ডেভিড মিলারের ক্যাচ নেন সূর্যকুমার। অনেকের মতেই সূর্যকুমারের নেওয়া
ওই ক্যাচই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন
ছিল ১৬ রান। মিলারের ওই শট ক্যাচ না হয়ে ৬ হলে ম্যাচের ফল অন্য রকম হতেও পারত। তখন
যে শেষ ৫ বলে ১০ রান লাগত প্রোটিয়াদের।
শেষ
পর্যন্ত অবশ্য সে রকম কিছু হয়নি। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। আর ম্যাচের সেই
ক্যাচ নিয়ে ভারতের তারকা হার্ডহিটার দাবি ক্যাচটি বৈধ ছিল। দেশটির জনপ্রিয় পত্রিকা
ইন্ডিয়ান এক্সপ্রেসকে সূর্যকুমার বলেছেন, তিনি জানেন যে তার পা দড়ি স্পর্শ করেনি।
সেই
ক্যাচ নিয়ে সূর্যকুমার বলেছেন, ‘আমি যখন বলটি মাঠের ভেতরে ঠেলে দিই এবং ক্যাচটি নেই,
আমি জানি—আমার পা দড়ি স্পর্শ করেনি। আমি শুধু একটা জিনিস
নিয়েই সতর্ক ছিলাম, পা যেন দড়িতে না লাগে। আমি জানতাম, এটা সঠিক ক্যাচ।’