বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল
মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ২৩:০২ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪ ২৩:২১ পিএম
মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকালে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে শ্রীপুর সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় উভয় দল আক্রমণ-পাল্টাআক্রমণ চালাতে থাকে। নির্ধারিত সময় খেলা শেষে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ ৩-০ গোলের ব্যবধানে শ্রীপুর সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় দর্শকদের মাঝে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান খোকন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে চার দিনব্যাপী এ টুর্নামেন্টে ৪ উপজেলার কলেজ পর্যায়ের ৮টি ফুটবল দল অংশ নিয়েছিল। খেলায় চমৎকার ধারাবিবরণী প্রকাশ করেন বাংলাদেশ বেতার ও জাতীয় ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায়।