× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজ দলে কিংয়ের বদলি মায়ার্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৮:২৯ পিএম

আপডেট : ২২ জুন ২০২৪ ১৮:৪৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজ দলে কিংয়ের বদলি মায়ার্স

ব্রেন্ডন কিং এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি দুর্ভাগা ভাবতেই পারেন। ঘরের মাঠে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু আসরের মাঝপথে দল থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটে হারের ম্যাচে পাঁজরে চোট পান তিনি। যে কারণে মারকাটারি এই আসরে আর খেলা হচ্ছে না এই ব্যাটারের। তার বদলি হিসেবে অলরাউন্ডার কাইল মায়ার্সকে দলে নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল শুক্রবার কিংয়ের বদলি হিসেবে মায়ার্সকে ক্যারিবীয় দলে অন্তর্ভুক্তির অনুমতি দিয়েছে আইসিসি। এই ব্যাটিং অলরাউন্ডার ছিলেন বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই তালিকায়। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সি তারকা এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর যুক্তরাষ্ট্রকে হারানো দলটি সুপার এইটের শেষ ম্যাচ আগামীকাল রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মায়ার্সকে একাদশে দেখাও যেতে পারে। 

আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি এক বিবৃতিতে জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ব্রেন্ডন কিংয়ের বদলি হিসেবে বাঁহাতি ব্যাটার কাইল মায়ার্সকে দলে নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। কিং পাঁজরে চোট পাওয়ার পর তার বদলি হিসেবে ৩৭ টি-টুয়েন্টি খেলা মায়ার্সের নাম ঘোষিত হয়। শনিবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’

সেন্ট লুসিয়ায় গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান কিং। ম্যাচে ১২ বলে ২৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে যান তিনি। নিজের ইনিংসের ১৩তম বলে স্যাম কারেনকে ডাউন দ্য উইকেট এসে কাভারের ওপর দিয়ে মারতে গিয়ে পাঁজরের এক পাশে চোট পান। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কিং আর ব্যাট করতে পারেননি। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে দলের সাথে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামা হয়নি তার। 

কিংয়ের অনুপস্থিতি ক্যারিবীয়দের জন্য বড় ধাক্কা। ২০২৩ সালের শুরু থেকে টি-টোয়েন্টিতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২৩ ইনিংসে করেছেন ৬৫১ রান, যার মধ্যে রয়েছে চারটি অর্ধশতক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। ৫ ইনিংসে করেছেন ৮৬ রান, সর্বোচ্চ ৩৪ রান করেছেন পাপুয়া নিউগিনির বিপক্ষে।

অবশ্য কিং এর বদলি মায়ার্সও বিশ্বকাপের শুরু থেকে সুযোগ না পেয়ে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। চলতি বছর ১১টি টি-টোয়েন্টি খেলে ১৫৫.৫০ স্ট্রাইক রেটে ৩৬৭ রান করেছেন তিনি। পাশাপাশি শিকার করেছেন নয় উইকেট। সবশেষ বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা