চেজের ঘূর্ণির পর হোপের ছক্কাবৃষ্টি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১১:৩৬ এএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১১:৪৮ এএম
দুর্দান্তভাবে গ্রুপ পর্ব পেরিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট যাত্রা সুখকর ছিল না। প্রথম ম্যাচ হেরে ছিল ব্যাকফুটে। পরের ম্যাচে হারলেই বাদÑএমন সমীকরণ মাথায় নিয়ে অবশ্য প্রতিপক্ষকে গুঁড়িয়েই দিয়েছে মেরুন জার্সিধারীরা। বোলারদের অবিশ্বাস্য নৈপুণ্যের পর শাই হোপের খুনে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সুপার এইটে দ্বিতীয় গ্রুপের ম্যাচে শনিবার ৯ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্র আগে ব্যাট করে অলআউট হয় ১২৮ রানে। জবাবে ৫৫ বল থাকতেই লক্ষ্য পেরিয়ে যায় রোভমান পাওয়েলের দল। হোপের ব্যাটিংতাণ্ডবের পরও অবশ্য ম্যাচসেরা হয়েছেন রোস্টন চেজ। দারুণ এ জয়ে রান রেটও বাড়িয়ে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ-২ থেকে দুই খেলায় এক জয় এবং এক পরাজয়ে ২ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। টেবিলে অবস্থান দুইয়ে। সমান পয়েন্ট পাওয়া ইংল্যান্ড আছে তিনে। ইংলিশরাও এক জয় ও এক পরাজয়ে সংগ্রহ করেছে কেবল ২ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। আর দুই খেলায় পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট দুই খেলায় কোনো ম্যাচ জিততে পারেনি। এক ম্যাচ বাকি থাকতে সুপার এইট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
বারবাডোসের কেনসিংটন ওভালে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই স্টিভেন টেইলরকে হারায় যুক্তরাষ্ট্র। ধাক্কা সামলে ৪৮ রানের দ্বিতীয় উইকেট জুটিতে দলকে মোটামুটি একটা ভিতের ওপর দাঁড় করান আন্দ্রেয়াস হাউস ও নীতীশ কুমার। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯ বলে ২০ রান করা নীতীশকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন গুদাকেশ মোতি। ঝড় তোলা হাউসকে পরের ওভারে বিদায় করেন আলজারি জোসেফ।
চেজ ও আন্দ্রে রাসেলের ছোবলে এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি যুক্তরাষ্ট্র। হাউস ও নীতীশ ছাড়া দলটির আর কোনো ব্যাটসম্যান যেতে পারেননি ২০ পর্যন্ত। অফ স্পিনে অ্যারন জোন্সকে বোল্ড করার পর কোরি অ্যান্ডারসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন চেজ। পরে গোল্ডেন ডাকের তেতো স্বাদ দেন হারমিত সিংকে। ১৯ রানে ৩ উইকেট নেন চেজ। রাসেল ৩ উইকেট নেন ৩১ রান খরচায়।

রান তাড়ায় উড়ন্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিংয়ের চোটে ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন হোপ। পাওয়ার প্লেতেই কেটে যায় ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান তুলে ফেলে স্বাগতিকরা। পরের ওভারে চার্লসের বিদায়ে ভাঙে ৬৭ রানের উদ্বোধনী জুটি। যেখানে এই ওপেনারের অবদান কেবল ১৪ বলে ১৫ রান। চার্লসের উইকেটই হয়ে থাকে যুক্তরাষ্ট্রের একমাত্র সাফল্য। নিকোলাস পুরানকে নিয়ে বাকি পথ অনায়াসে শেষ করেন হোপ। ২৬ বলে ৫০ ছোঁয়ার পর আরও আগ্রাসি ব্যাটিংয়ে দলের রান রেট উন্নতিতে ভূমিকা রাখেন হোপ। তার ৩৯ বলে খেলা ৮২ রানের ইনিংস গড়া ৮ ছক্কা ও ৪ চারে। ১২ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রানে অপরাজিত থাকেন পুরান।