ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১০:৫০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৪ ১০:৫৭ এএম
ম্যাচের শেষের দিকে চোট পেয়েছেন এমবাপে
ইউরোর গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। গতকাল সোমবার ডুসেলডর্ফে দলের জয়ের দিন নাক ভেঙেছে কিলিয়ান এমবাপের। অন্যদিকে ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের এটি ১০০তম জয়। তার অধীনে ১৫৬তম ম্যাচ খেলেছেন গ্রিজম্যান-কান্তেরা।
ফ্রান্সের জয়ে সবচেয়ে বড় অবদান এমবাপেরই। গোলের দেখা না পেলেও তার শট ঠেকাতে গিয়েই আত্মঘাতী গোল করেন অস্ট্রিয়ান সেন্টার ব্যাক ম্যাক্সিমিলান ওবার। ৩৮ মিনিটেই আত্মঘাতী গোল খেয়ে যাওয়া অস্ট্রিয়া অবশ্য ভেঙে পড়েনি। বরং ম্যাচজুড়ে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে গেছে। যদিও সাফল্য তাদের পক্ষে ধরা দেয়নি।
এদিন এমবাপে গোল না পেলেও শুরু থেকে ৯০ মিনিটে বদলি হয়ে যাওয়ার আগ পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করেছেন। ৫৪ মিনিটে তো অস্ট্রিয়ার গোলকিপারকে একেবারে একা পেয়েও ব্যর্থতার পরিচয় দেন, পোস্টের বাইরের বল পাঠান।
ম্যাচের ৯০তম মিনিটের হেড করতে গিয়ে কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষ হয় সদ্য রিয়াল মাদ্রিদে নাম লেখানো তারকা ফরোয়ার্ডের। দানসোর কাঁধের সঙ্গে নাখ লাগে এমবাপের। সঙ্গে সঙ্গে তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল। ঝুঁকি না নিয়ে এই তাকে মাঠে থেকে তুলে নেওয়া হয়।
এএফপি জানিয়েছে, এমবাপের নাক ভেঙেছে। স্থানীয় একটি হাসপাতালেও নেওয়া হয়েছিল। পরে দলের সঙ্গে যোগ দেন।
ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, নতুন পরীক্ষার পর দলের মেডিকেল স্টাফরা মনে করছেন এমবাপের নাকে ‘অস্ত্রোপচারের প্রয়োজন নেই’।
মাস্ক পরে এমবাপেকে মাঠে নামতে হবে বলে জানিয়েছে এফএফএফ, ‘একটি মাস্ক বানানো হবে, চিকিৎসার পর যেটি পরে মাঠে ফিরবেন তিনি।’
তবে কোচ দেশমের কথায় বোঝা গেল, নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপের খেলা নিয়ে খুব একটা আশাবাদী তিনি, ‘তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মেডিকেল টিম এ নিয়ে কাজ করছে। কী হয় এবং (সুস্থ হয়ে উঠতে) কত দিন লাগে সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে। এটি আমাদের জন্য খুব খারাপ খবর।'