× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় আর্চারিতে শুভসূচনা রোমানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ২১:৩৯ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ২২:০৮ পিএম

জাতীয় আর্চারিতে শুভসূচনা রোমানের

বাংলাদেশের আর্চারির অন্যতম প্রধান তারকা রোমান সানা। সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা, অবসর ও অবসর থেকে প্রত্যাবর্তনের জন্য শিরোনাম হয়েছেন সরাসরি টোকিও অলিম্পিক খেলা এই আর্চার। এবার জাতীয় পর্যায়ের সর্বোচ্চ আসর আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসারের হয়ে খেলছেন রোমান।  যেখানে শুভসূচনা করেছেন একসময়ের দেশসেরা এই আর্চার। 

শুক্রবার (৭ জুন) থেকে শুরু হওয়া জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২ তির ছুড়ে ৬৫৩ স্কোর নিয়ে ৮৯ জনের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন রোমান। তার চেয়ে দুই স্কোর বেশি নিয়ে আব্দুল হাকিম রুবেল দ্বিতীয় ও আর্মি আর্চারি ক্লাবের ফয়সাল ৬৬০ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন। র‌্যাঙ্কিং রাউন্ডে ভালো স্কোর করায় আগামীকাল এলিমিনেশন রাউন্ডে দুই পর্বে বাই পেয়েছেন তিনি। রোমান সরাসরি ১/৩২ রাউন্ডে খেলবেন। আগামীকালই অনুষ্ঠিত হবে ব্যক্তিগত ও দলীয় সকল ইভেন্টের সেমিফাইনাল। পরশু রবিবার হবে পদক নির্ধারণী ম্যাচ।

রোমানের জাতীয় চ্যাম্পিয়নশিপের আজকের পারফরম্যান্স ও তার অবসর থেকে ফেরার সিদ্ধান্তে বেশ খুশি জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক, ‘রোমান আবার আর্চারিতে পুরোপুরি মনোযোগ দিয়েছে, এটা দারুণ বিষয়। আশা করি, রোমান নিজের সেরাটা দিয়ে আবার জাতীয় দলে আসবে।’ 

জাতীয় দলে আসতে হলে রোমানকে অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে প্রমাণ করেই আসতে হবে। রোমান অবশ্য এখন নিজের চেয়ে তার সংস্থা আনসারের দিকেই বেশি মনোযোগ রাখছেন। তিনি বলেন, ‘গতবারের মতো দলকে এবারও চ্যাম্পিয়ন করতে চাই।’

রোমান গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত বিভাগে প্রথম হয়েছিলেন। এর পরপরই দিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খেলা ও সংসার ভালোই চলছিল। আকস্মিকভাবে আর্থিক সীমাবদ্ধতায় জাতীয় দলের প্রতি রোমানের বিমুখতা তৈরি হয়। তিনি নিজ থেকে অব্যাহতি চান জাতীয় দল থেকে। এরপর ফেডারেশনের বিপক্ষে নানা সমালোচনামূলক মন্তব্য করেন। নিজের অবস্থানে অনড় থাকতে না পেরে অবশ্য রোমান সম্প্রতি ভুল স্বীকার করে জাতীয় দলে ফেরার আবেদন করেছেন ফেডারেশনের কাছে।

এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। আর্চারির জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট সবই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে গত কয়েক বছর। স্টেডিয়ামে নির্মাণকাজ চলমান থাকায় এবার বিকেএসপিতে এই আসর হচ্ছে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন প্রধান অতিথি হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলামসহ (অব.) ফেডারেশন ও বিকেএসপির কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা