টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২১:২৯ পিএম
খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। মার্কিন
যুক্তরাষ্ট্রের কাছে হারতে হয়েছে সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও
জুটেছে বড় হার। ব্যর্থতার বৃত্তে আটকে থেকেই ৮ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা।
আত্মবিশ্বাসের অভাবে ধুকতে থাকা নাজমুল হোসেন শান্তর দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন
ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। জনপ্রিয় ধারাভাষ্যকারের মতে, বিশ্বকাপে নেদারল্যান্ডসের
কাছে হারবে বাংলাদেশ।
ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে বাংলাদেশকে
নিয়ে ইয়ান বিশপ বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর কাছে বড় দলকে হারতে দেখেছি।
সে হিসেবে এবারের আসরে ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশের। আশঙ্কার
কথা যদি বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দক্ষিণ
আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে টাইগাররা। ডাচদের কাছে বাংলাদেশের
হার দেখলেও অপর সহযোগী দেশ নেপালকে নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই পেস বোলার, ‘নেপালের
খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার।
দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো
জায়গায় আসবে।’
বিশপের বিশ্বকাপ বাজিতে আছে স্বদেশ
ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। পছন্দের এই দুই দলের বাইরে পাকিস্তানকে সবচেয়ে এগিয়ে রেখেছেন
তিনি, ‘পাকিস্তানের সবাই যদি ফিট থাকে, তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো। নাসিম
শাহ, শাহিন শাহ আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে। তাদের যে
প্রতিভা, সেদিক থেকে পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।’