× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য গ্রিন রেড স্টোরি

আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১০:৫৫ এএম

আপডেট : ৩১ মে ২০২৪ ১১:৩৪ এএম

সাকিবের ইচ্ছে আরেকটি বিশ্বকাপ খেলবেন। ছবি : সংগৃহীত

সাকিবের ইচ্ছে আরেকটি বিশ্বকাপ খেলবেন। ছবি : সংগৃহীত

এবারই তার শেষ দেখে ফেলেছিলেন অনেকে। খোদ সাকিব আল হাসানও অমন ইঙ্গিত ছুড়েছিলেন। কিন্তু বিসিবির দ্য গ্রিন রেড স্টোরিতে ৩৭ বর্ষী তারকা জানিয়েছেন, এখানেই শেষ নয়, আরেকটি বিশ্বকাপ খেলতে চান সাকিব।

সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন এমন তালিকায় আছেন মোটে দুজন। ভারতের রোহিত শর্মা আর বাংলাদেশের সাকিব আল হাসান। দুজনই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অষ্টম বিশ্বকাপে মাঠে নামলে আরও ওপরে যাবেন। সাকিব সেই বিশ্বকাপ খেলার রেকর্ড আরেকটু বাড়াতে চান। তবে এ বিশ্বকাপও রাঙাতে চান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। শুক্রবার বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন সাকিব।

২০০৬ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সিতে প্রথমবার খেলা সাকিব বলেছেন, ‘যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা, এর পর থেকে যে এতদিন খেলতে পারব এটি একটি ভালো লাগার বিষয়। আর দ্বিতীয়ত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হলো সবকটিতে অংশগ্রহণ করতে পেরেছি। আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’

বাংলাদেশকে ভালো ফল এনে দেওয়ার প্রত্যয় অভিজ্ঞ সাকিবের মননে, ‘আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব, আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এ বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্য যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের চার প্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলে পরের দুটি ক্যারিবিয়ান মুলুকে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা