× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করবহির্ভূত রাজস্ব বাড়ানোর পরিকল্পনা

আসিফ শওকত কল্লোল

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ০৯:৫৯ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

আগামী অর্থবছরে সরকার করবহির্ভূত রাজস্ব (এনটিআর) আদায় বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় ইতোমধ্যেই বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন চারা ও গাছের দাম বাড়ানোসহ কিছু সরকারি পরিষেবার চার্জ বাড়িয়েছে। এতে বনায়নের খরচ বাড়ার পাশাপাশি বিভিন্ন পরিষেবা পেতে নাগরিকদের অতিরিক্ত অর্থ খরচ করতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় গত সপ্তাহে বিএফআরআই গবেষণায় নতুনভাবে উদ্ভাবিত ৬৪টি চারার নমুনা দাম ১০০ থেকে ৩০০ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া আরও নতুন পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে। এর আগে ২০১৭ সালে এসব চারা আর নমুনার দাম বাড়ানো হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার আগামী ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে ৪৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে। চলতি অর্থবছরে এ খাত থেকে আদায়ের পরিকল্পনা রয়েছে ৪৫ হাজার কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে সেই লক্ষ্যমাত্রা কমিয়ে ৪০ হাজার কোটি টাকা করা হয়।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন সংস্থাকে রাজস্ব সংগ্রহ বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোও সে অনুযায়ী উদ্যোগ নিচ্ছে।

অন্যদিকে, ধারণা করা হচ্ছে ইমিগ্রেশন এবং পাসপোর্ট বিভাগ চলতি বছরের তুলনায় আগামী অর্থবছরে রাজস্ব দ্বিগুণ বৃদ্ধির পরিকল্পনা করছে। বিভাগটি আগামী অর্থবছরে ২ হাজার ৬৫৩ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে, যা চলতি অর্থবছর সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩৩৫ কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘অনেকেরই পাসপোর্টের মেয়াদ এখনও শেষ হয়নি। কিন্তু তাদের অনেকেই ই-পাসপোর্ট পেতে আবেদন করছেন। ফলে দেশে ও বিদেশে পাসপোর্ট আবেদনের সংখ্যা বেড়েছে এবং আশা করা হচ্ছে এর মাধ্যমে আগামী অর্থবছরে পাসপোর্ট বিভাগের রাজস্ব আদায় দ্বিগুণ হবে।’

এদিকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় বাজেট নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে অর্থ বিভাগ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বা অধিভুক্ত দপ্তরগুলোকে তাদের সার্ভিস ফি সংশোধনের নির্দেশ দিয়েছে।

এর ফলে নৌপরিবহন মন্ত্রণালয় নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এবং সিমেন অ্যান্ড ইমিগ্রেশন ওয়েলফেয়ার অধিদপ্তরে বিভিন্ন ফি সংশোধনের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত ফি চূড়ান্ত করতে এবং সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয়কে অবহিত করতে এখন সংশ্লিষ্ট অফিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে।

একইভাবে বাণিজ্য মন্ত্রণালয় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) ৩৪ ধরনের পরিষেবার জন্য পরিষেবা ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে সভা করে নতুন সার্ভিস ফি কাঠামোর খসড়া তৈরির কাজ শুরু করেছে।

একাধিক সূত্র জানিয়েছে, ৪৭০ কোটি ডলার ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের জন্য করবহির্ভূত রাজস্বের উৎস সম্প্রসারণ করে রাজস্ব সংগ্রহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ৩২ ধরনের পণ্যের রাসায়নিক পরীক্ষার ফি দ্বিগুণ করছে।

এ মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন করপোরেশন যেমন চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন দ্বারা সরবরাহ করা পণ্য ও পরিষেবার দামও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আমদানি-রপ্তানি পারমিট এবং লাইসেন্স ফি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নতুন ফি আরোপ করা হতে পারে।

নৌপরিবহন বিভাগ নৌযান, মাছ ধরা এবং উপকূলীয় জাহাজের কর্মীদের জন্য সার্টিফিকেশন এবং যোগ্যতার পুনর্নবীকরণসহ ৫৮ ধরনের পরিষেবার জন্য ফি চার্জ করে। চলতি অর্থবছরে এ বিভাগটি রাজস্ব ৩৯ কোটি টাকা সংগ্রহ করেছে।

রেলপথ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রণালয়ের বিভিন্ন পরিষেবা এবং ফি বাড়ানো হয়েছে।

বিশ্লেষকরা এই প্রতিষ্ঠানগুলোর পরিষেবার ফি বাড়ালেও মানের প্রত্যাশিত উন্নতি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। লোকসানে থাকা সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সচল রেখে রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগের সফলতা নিয়েও তারা সংশয় প্রকাশ করেছেন।

আইএমএফের মতে, করবহির্ভূত রাজস্ব নেতিবাচক প্রবৃদ্ধির কারণে গত অর্থবছরে সরকারের রাজস্ব আয় কম ছিল। ২০২১-২২ অর্থবছর সরকার এ খাত থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা আয় করেছে। আগামী অর্থবছরে এ খাত থেকে সরকারের ৪৬ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য থাকলেও আইএমএফ মনে করছে সরকার এ অর্থ সংগ্রহ করতে পারবে না।

সংস্থাটি বাংলাদেশকে ঋণসংক্রান্ত একটি প্রকাশনায় ভবিষ্যদ্বাণী করেছে যে, সরকার আসন্ন অর্থবছরে করবহির্ভূত রাজস্ব আয় করতে পারে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা