× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব

মজুমদার ইমরান

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১২:৪৭ পিএম

বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার তালিকায় রয়েছেন দলটির পাঁচ নেতা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার তালিকায় রয়েছেন দলটির পাঁচ নেতা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির সাংগঠনিক প্রক্রিয়ায় চেয়ারম্যানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে মহাসচিব। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে দলটি। এই সময়ের মধ্যে দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এমপি-মন্ত্রী হয়েছেন। দলের নেতাকর্মীদের এখন দলীয় কার্যালয়ের চেয়ে সচিবালয়কেন্দ্রিক ব্যস্ততা বেড়েছে। এমন অবস্থায় দলটির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে। আর এই স্থবিরতা থেকে বিএনপিকে গতিশীল করার জন্য দলের দ্বিতীয় শীর্ষ মহাসচিবের পদে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে হাইকমান্ড।

জানা যায়, বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। মাঝখানে প্রায় ১০ বছর পেরিয়ে গেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে বিএনপিকে। এই প্রতিকূল সময়ে নানা কারণেই দলের জাতীয় কাউন্সিল করা সম্ভব হয়নি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে। প্রায় ২০ বছর পর রাষ্টীয় ক্ষমতায় আসীন হয় দলটি। 

সূত্র জানিয়েছে, সরকার গঠনের পর বিএনপির শীর্ষ নেতারা এখন দল পুনর্গঠনের ওপর জোর দিচ্ছেন। এর ধারাবাহিকতায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দলের অষ্টম জাতীয় কাউন্সিল করার চিন্তাভাবনা করছে বিএনপি হাইকমান্ড। জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। আনা হবে মহাসচিব পদে পরিবর্তন। 

বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও এই পদে আর থাকতে চান না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে রাজনীতিতে। কাউন্সিলের পর অবসর নিতে চাই রাজনীতি থেকে। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি। আসন্ন কাউন্সিলে মহাসচিব পদে নতুন মুখ আসবে বলেও জানান তিনি। 

সূত্র জানায়, অষ্টম জাতীয় কাউন্সিলকে স্মরণীয় করে রাখতে চান বিএনপির নেতাকর্মীরা। তাই অন্যান্যবারের চেয়ে এবারের কাউন্সিল বিস্তৃত ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রের পাশাপাশি তৃণমূল পর্যায়েও সম্পৃক্ততা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। অনুকূল পরিবেশের কারণে এবার কাউন্সিলে থাকবে ভিন্নমাত্রা। দীর্ঘদিন পরে দলটিতে আসবে নতুন নেতৃত্ব।

রাজনীতি থেকে মির্জা ফখরুলের অবসর নেওয়ার ঘোষণায় মহাসচিব পদ নিয়ে দলটির মধ্যে জোরালো আলোচনা চলছে। গুরুত্বপূর্ণে এই পদে সম্ভাব্য নতুন মুখ নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। দলীয় সূত্র বলছে, কাউন্সিল সামনে রেখে কয়েকজন শীর্ষ নেতা আলোচনায় এগিয়ে রয়েছেন। নতুন মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজনৈতিক কৌশল নির্ধারণে তার দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা তাকে এই পদে অন্য অনেকের চেয়ে এগিয়ে রেখেছে। 

 সম্ভাব্য মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক যোগাযোগ, নীতিনির্ধারণ ও অর্থনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি হাইকমান্ডের আস্থাভাজন হিসেবে বিবেচিত। নতুন প্রজন্ম ও নীতি-ভিত্তিক রাজনীতির প্রতিনিধিত্ব হিসেবেও আলোচনায় তার নাম উঠে আসছে।

সম্ভাব্য মহাসচিবের আলোচনায় রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও। দীর্ঘদিন দলের দপ্তর ও সাংগঠনিক কার্যক্রম সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। দলের দুঃসময়ে নিয়মিত ব্রিফিং ও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় তৃণমূলেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও রয়েছেন মহাসচিব হওয়ার দৌড়ে। ছাত্ররাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতে তার ধারাবাহিক সম্পৃক্ততা রয়েছে। তিনি দলের নীতি ও আদর্শের প্রতি অনুগত থেকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। সাংগঠনিক সংকট মোকাবিলা, কর্মী-সমর্থকদের একত্র রাখা এবং আন্দোলনকে গতিশীল করার ক্ষেত্রে তার দক্ষতা প্রমাণিত।

বিএনপি মহাসচিব পদে আলোচনায় রয়েছেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও। বিএনপি ক্ষমতা গেলেও এখন পর্যন্ত হাবিব উন নবী খান সোহেলকে সরকারের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাংগঠনিকভাবে দক্ষ সোহেলকে দলের মহাসচিব করে চমক দিতে পারেন বলেও আলোচনা রয়েছে।

জানতে চাইলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এই বছরই বিএনপির অষ্টম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল ঘিরে বিএনপির নীতিনির্ধারকরা ইতোমধ্যে সাংগঠনিক আলাপ-আলোচনা ও প্রস্তুতি শুরু করেছেন। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ও কাউন্সিলরদের সম্মতির ভিত্তিতে যোগ্য ও দক্ষ একজনকেই মহাসচিব হিসেবে নির্বাচিত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা