× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপিদের জন্য আরও দুটি ভবন হচ্ছে

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ০৯:০৫ এএম

সংসদ সদস্যদের ভবন। ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের ভবন। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ সদস্যদের জন্য আরও দুটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এতে মোট ৭২ জন সংসদ সদস্যের আবাসন সুবিধা নিশ্চিত করা যাবে।

সংসদ সূত্র জানায়, বর্তমানে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সংসদ সদস্যদের জন্য ছয়টি ভবন রয়েছে। এর বাইরে নাখালপাড়া এলাকায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে আরও দুটি ভবন এমপিদের আবাসনের জন্য ব্যবহার হচ্ছে। তবে এমপিদের একটি বড় অংশ সংসদ ভবন এলাকা ছেড়ে নাখালপাড়ার ‘সংসদ সদস্য ভবনে’ বসবাসে অনীহা প্রকাশ করায় নতুন দুটি ভবন নির্মাণের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।

গতকাল রবিবার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ বিষয়ে সরকারের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংস্থা গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) খালেকুজ্জামান চৌধুরীসহ অধিদপ্তরের প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমাংশে বর্তমানে যেখানে কৃষিবাজার রয়েছে, সেখানে দুটি ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি স্বীকার করে খালেকুজ্জামান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এখনও ভবন নির্মাণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চিফ হুইপ আমাদের কেবল সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে।

বর্তমানে এমপিদের জন্য মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় মোট ২৮৮টি ফ্ল্যাট রয়েছে। নারী আসনসহ বর্তমান সংসদের সদস্য সংখ্যা ৩৫০ জন। এছাড়া সরকারের মন্ত্রিসভার সদস্য, স্পিকার-ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপদের জন্যও আলাদা আবাসনের ব্যবস্থা রয়েছে। তবে এমপিদের একটি বড় অংশ সংসদ ভবনের সামনে অবস্থিত ‘সংসদ সদস্য ভবন’-এ বসবাস করতে আগ্রহী। এ কারণেই নতুন দুটি ভবন নির্মাণের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে।

সংসদ সূত্র জানিয়েছে, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে পুরনো ভবনের নকশাই অনুসরণ করা হবে। দুটি ভবন নির্মাণ করা হলে সব সংসদ সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনা সম্ভব হবে। এছাড়া জাতীয় সংসদ এলাকায় সংসদ সদস্যদের গাড়ি পার্কিংয়ের জন্য একটি বহুতল কার পার্কিং নির্মাণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা