মো. শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১২:৫৩ পিএম
অপরিকল্পিত ড্রেনেজে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত দৌলতদিয়ার মহাসড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। এতে কোটি কোটি টাকার মহাসড়কের বিটুমিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা কার্যকর হয়নি। পানি নিষ্কাশনের সঠিক পথ না থাকায় সড়কেই পানি জমে থাকছে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, ড্রেনের দুই পাশে যথাযথ আউটলেট না থাকায় পানি বের হতে পারছে না। কোথাও আংশিক সংযোগ থাকলেও অধিকাংশ এলাকায় নিষ্কাশনের ব্যবস্থা নেই।
তাদের দাবি, ড্রেন নির্মাণের ক্ষেত্রে পরিকল্পনার ঘাটতি ও অনিয়মের কারণে সরকারি অর্থ অপচয় হয়েছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তারা বলেন, ঠিকাদারি কাজ অসম্পূর্ণ রেখে বিল তুলে নেওয়া হয়েছে। ফলে এলাকায় জলাবদ্ধতা ও চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, বিষয়টি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, কেন পানি জমছে তা সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।