× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ

সরকারি দল অটল, অনড় বিরোধী দল

দীপক দেব

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ০৮:৪৫ এএম

সংবিধান সংস্কার ইস্যুতে মুখোমুখি অবস্থানে সরকার দলীয় জোট ও বিরোধী দলীয় জোট। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সংবিধান সংস্কার ইস্যুতে মুখোমুখি অবস্থানে সরকার দলীয় জোট ও বিরোধী দলীয় জোট। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার সম্পন্ন হবে নাকি সাংবিধানিক পন্থায় সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবেÑ সে ব্যাপারে এখনও কোনো ঐকমত্যের লক্ষণ দেখা যাচ্ছে না সরকারি দল ও সংসদীয় বিরোধী পক্ষের মধ্যে। বিরোধী দল ও জোট সংবিধান সংস্কার নিয়ে পূর্বের অবস্থানে অটল রয়েছে। অন্যদিকে সরকারি দল বিএনপি সাংবিধানিক পন্থাকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে। সংসদে এসব ব্যাপারে ঐকমত্য সৃষ্টির কোনো সম্ভাবনা না থাকার প্রেক্ষাপটে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিরোধী দলের নেতৃত্বাধীন জোট ১১ দল।

সমাবেশে বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করায় ও গণভোট অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করায় সরকারের কঠোর সমালোচনা করেছে। বিরোধী দলের নেতারা বলছেন, “সরকারি দল এর মধ্য দিয়ে জাতির সঙ্গে বেঈমানি করেছে। সরকারের এসব পদক্ষেপ জনগণ কখনও মেনে নেবে না।” সরকার তাদের এই অবস্থান থেকে সরে না এলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিরোধী দলের কর্মসূচি থেকে। বিরোধীদের একাংশের পক্ষ থেকে দাবি আদায়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদেরও রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

মুলতবি প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা আজ

এদিকে দুই দিন মুলতবির পর আজ রবিবার বেলা সাড়ে ৩টায় ফের সংসদের অধিবেশন বসতে চলেছে। সেখানে দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে জুলাই সনদ নিয়ে উত্থাপিত সরকারি দলের মুলতবি প্রস্তাব আলোচনার উল্লেখ রয়েছে। উল্লেখ্য, গত বুধবার সরকারদলীয় এমপি জয়নুল আবদিন ফারুক জুলাই জাতীয় সনদ-২০২৫-এর বাস্তবায়ন পদ্ধতি কী হবেÑ সে বিষয়ে সংসদ অধিবেশন মুলতবি রেখে আলোচনা করার প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পিকার আজ রবিবার সংসদ অধিবেশনের শেষভাগে জুলাই জাতীয় সনদের ওপর আনিত মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারণ করেন। সেখানে এ বিষয়ে সরকারি দলের সদস্যরা মতামত তুলে ধরবেন। তবে বিরোধী দল এই মুলতবি প্রস্তাব উপস্থাপনের দিন গত বুধবার ওয়াকআউট করেছিল। নতুন করে নির্ধারিত আজকের এই আলোচনায় তারা অংশ নেবে কি না, তা এখনো পরিষ্কার না।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিরোধী দল যদি আজকের এই আলোচনা বর্জন করে, তা হলে রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হবে।

সংবিধানের মাধ্যমে সমাধান দেখছে বিএনপি

সরকারি দলের নীতিনির্ধারকরা জানাচ্ছেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে নয়। জুলাই সনদ বাস্তবায়ন তথা সংবিধান সংস্কারের ক্ষেত্রে সাংবিধানিক পন্থার ওপর গুরুত্বারোপ করে গতকাল শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ। গতকাল দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া না-হওয়ার কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিএনপি মনে-প্রাণে জুলাইকে ধারণ করে।”

একই প্রসঙ্গে গতকাল দুপুরে মহান মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকে দুর্ভাগ্যজনকভাবে কিছুসংখ্যক রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা জনগণকে বলতে চায়, বিএনপি জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এটা ডাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা।”

বিএনপিকে বাধ্য করার হুঁশিয়ারি বিরোধী পক্ষের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপিকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করেছে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গতকাল শনিবার বিকালে ঢাকায় এই জোটের বিক্ষোভ সমাবেশে জামায়াতের নায়েবে আমির সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, “এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামো পরিবর্তন করতে এ বিপ্লব হয়েছে। এজন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।”

ড. ইউনূসকেও মাঠে নামার আহ্বান

গতকাল জোটের এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. মোহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাদের মাঠে নামার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “ড. মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ যেসব উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে ছিলেন, তাদের দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিলেন। তো এখন যে সেগুলো বাতিল করা হচ্ছেÑ এ নিয়ে তাদের কথা বলতে হবে।” গণভোটের রায় অমান্য করে বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে বলে এ সভায় মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা