× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার ঝড়ে ‘স্বপ্ন’

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ০৯:৪০ এএম

আপডেট : ২৯ মার্চ ২০২৬ ০৯:৪৮ এএম

আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের চাঁদা দাবি উপেক্ষার পরই তথ্য ফাঁসের এ ঘটনায় সাইবার ঝুঁকিতে পড়েছেন স্বপ্নের গ্রাহকরা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের চাঁদা দাবি উপেক্ষার পরই তথ্য ফাঁসের এ ঘটনায় সাইবার ঝুঁকিতে পড়েছেন স্বপ্নের গ্রাহকরা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের শীর্ষ সুপারশপ চেইন ‘স্বপ্ন’-এর বিশাল গ্রাহক ডাটাবেজ হ্যাকের ঘটনায় তোলপাড় চলছে। এরই মধ্যে ডার্কওয়েবেও ছড়িয়ে পড়েছে লাখো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। ফাঁস হয়েছে ২৭ কোটির বেশি ক্রয় রেকর্ড ও ২০ লাখের বেশি মোবাইল নম্বর। আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের চাঁদা দাবি উপেক্ষার পরই তথ্য ফাঁসের এ ঘটনায় সাইবার ঝুঁকিতে পড়েছেন স্বপ্নের গ্রাহকরা।

সূত্র জানায়, বিশাল ডাটাবেজ হ্যাক হয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের পর ফাঁস হওয়া তথ্যের কিছু অংশ সোশ্যাল মিডিয়া ও ডার্কওয়েবেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ফাঁস হওয়া ডাটাবেজে লাখো ব্যবহারকারীর সংবেদনশীল তথ্যও রয়েছে। যদিও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত গ্রাহকের সুনির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তথ্যের পরিমাণ ও প্রকৃতি বিবেচনায় এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ডাটা ব্রিচ বলেই ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ঢাকা, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কিশোরগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, ফেনী, জামালপুর, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ অন্তত ২০ জেলার গ্রাহকদের তথ্য ফাঁস হয়েছে। এসব তথ্যে ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর এবং কোন তারিখে কী পণ্য কেনা হয়েছে তার বিস্তারিত রেকর্ড রয়েছে।

তথ্য অনুযায়ী, মোট ২৭ কোটি ৪০ হাজার ৪৭২টি ক্রয় সংক্রান্ত রেকর্ড ফাঁস হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ২০ লাখ ৫৮ হাজার ৩৮৪টি মোবাইল নম্বরও ফাঁস হয়েছে ধারণা করা হচ্ছে।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ডাটা লিক ব্যবহারকারীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। এর মধ্যে রয়েছে ফিশিং কল বা ভুয়া মেসেজের মাধ্যমে প্রতারণা, ইমেইল হ্যাকিং, স্প্যাম আক্রমণ, পরিচয় চুরি (আইডেন্টিটি থেফট) এবং আর্থিক জালিয়াতি। বিশেষ করে যারা অনলাইন শপিং বা ডিজিটাল পেমেন্টে এই প্লাটফর্ম ব্যবহার করেছেন, তারাই বেশি ঝুঁকিতে পড়বেন। 

প্রতিদিনের বাংলাদেশকে মুঠোফোনে পাঠানো একটি বার্তায় স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির বলেন, গত বছর একটি হ্যাকার চক্র তাদের কাছে গ্রাহকের তথ্য ফাঁসের দাবি তুলে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) চাঁদা চেয়েছিল। তখন আমরা বিষয়টিকে গুরুত্ব দিইনি। তবে শুক্রবার ডার্কওয়েবে কিছু তথ্য ফাঁস হতে দেখেছি। এ বিষয়ে আমরা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সহায়তা চেয়েছি। তিনি আরও জানান, এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মামলার বিষয়ে জানতে চেয়ে একাধিকবার ফোন করলেও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন রিসিভ করেননি। 

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি তিনি অবগত নন। কোথাও অভিযোগ হয়েছে কি না তাও জানেন না তিনি। তেজগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে জানালে তিনি বলেন, মামলা হলে পরবর্তীতে জানতে পারব। আমাকে এখনও কেউ কিছু জানায়নি। 

অন্যদিকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল্লাহ আল মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ধরনের কোনো তথ্য এখনও আমার কাছে আসেনি। আমি বর্তমানে ছুটিতে আছি, তবুও খোঁজ নিয়ে দেখছি।

বর্তমানে দেশের ৬৩ জেলায় স্বপ্নর ৮১২টি আউটলেট রয়েছে। নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি।

স্বপ্নর ব্যাখ্যা ও প্রতিক্রিয়া : প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির লিখিত বক্তব্যে জানান, ২০২৫ সালের ২০ আগস্ট আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার গ্রুপ তাদের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। তবে প্রতিষ্ঠানটি সে সময় কোনো ধরনের আপসে যায়নি। ঘটনার পরপরই এসিআই লিমিটেডের এমআইএস বিভাগকে অবহিত করা হয় এবং এমআইএস বিভাগের ডিরেক্টরের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ অডিটও পরিচালনা করা হয়। বিশ্লেষণের ভিত্তিতে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

 নিরাপত্তা জোরদারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তার মধ্যে রয়েছে, নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল ও এন্টারপ্রাইজ-গ্রেড সিকিউরিটি সলিউশন স্থাপন, সার্ভার ও কম্পিউটারে উন্নত এন্ডপয়েন্ট প্রোটেকশন ও অ্যান্টিভাইরাস ও ২৪/৭ ফায়ারওয়াল লগ ও নেটওয়ার্ক মনিটরিংয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ। 

কর্তৃপক্ষ জানায়, তাদের আউটলেট কার্যক্রম মূলত অফলাইন ও ইন্টারনেটভিত্তিক হওয়ায় সেবা কার্যক্রম সচল ও নিরাপদ রয়েছে। 

প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, গ্রাহকদের সংবেদনশীল আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা প্রক্রিয়াধীন এবং সিটিটিসিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।

গ্রাহকদের জন্য সতর্কবার্তা : সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অজানা নম্বর থেকে আসা কল/মেসেজে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা, কোনো অবস্থাতেই পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার না করা। 

প্রতিষ্ঠানটির দাবি, LockBit বা Qilin-এর মতো আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠীর হামলার শিকার বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানও হয়। তবে সংকটেও গ্রাহকদের পাশে থাকা এবং স্বচ্ছতা বজায় রাখার ওপরই গুরুত্ব দিচ্ছে স্বপ্ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা