× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে দেড়শো বছরের ঐতিহ্য ‘মাষকলাইয়ের আমিত্তি’

মো. নাঈম ইসলাম, শেরপুর

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৯:৩৬ পিএম

শেরপুর শহরের মুন্সিবাজার ঘোষপট্টির একটি মিষ্টির দোকানে তৈরি করা হচ্ছে ‘মাষকলাইয়ের আমিত্তি’।

শেরপুর শহরের মুন্সিবাজার ঘোষপট্টির একটি মিষ্টির দোকানে তৈরি করা হচ্ছে ‘মাষকলাইয়ের আমিত্তি’।

শেরপুরের প্রসিদ্ধ মিষ্টির তালিকায় অন্যতম ‘মাষকলাইয়ের আমিত্তি’। একসময় কেবল শরৎকালে এটি তৈরি করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এখন রমজান মাসেও ব্যাপকভাবে তৈরি ও বিক্রি করা হচ্ছে। ভোজন রসিক বাঙালির ইফতার মানেই বাহারি স্বাদের খাবার। খুরমা-খেজুর, ফলমূল, ছোলা-মুড়ি, পেঁয়াজু, বুন্দিয়া কিংবা লাড্ডুর সাথে শেরপুরের রোজাদারদের কাছে আলাদা কদর রয়েছে ‘মাষকলাইয়ের আমিত্তি’র।

শেরপুরের ঘোষপট্টির মিষ্টি ব্যবসায়ী ও কারিগররা জানান, প্রায় ১৫০ বছর ধরে শেরপুরে মাষকলাইয়ের আমিত্তি তৈরি হয়ে আসছে। ব্রিটিশ শাসনামলেও এই অঞ্চলের জমিদারদের আপ্যায়নে ব্যবহৃত হতো মাষকলাইয়ের আমিত্তি। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও ভাইফোঁটা উৎসবে এই মিষ্টির চাহিদা বেশ। সময়ের সাথে সাথে রোজাদারদের চাহিদার কারণে স্বাধীনতার পর থেকে রমজান মাসে ইফতারের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে আমিত্তি। 

শহরের ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডার, রাজবল্লভ মিষ্টান্ন ভান্ডার, নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডার, প্রেমানন্দ গ্র্যান্ড সন্স, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারসহ বিভিন্ন দোকানে এই মিষ্টি পাওয়া যায়। বর্তমানে প্রতি কেজি আমিত্তি বিক্রি হচ্ছে প্রায় আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত। 

ব্যবসায়ীরা জানান, রমজান মাসে প্রতিদিন ৪শ থেকে ৫শ কেজি পর্যন্ত আমিত্তি বিক্রি হয়।


শেরপুর পৌর শহরের ঘোষপট্টি এলাকায় মিষ্টির দোকানগুলোতে দেখা যায়, বেলা ১২ টা থেকে মিষ্টি তৈরির কাজ শুরু হয়। আর দুপুর থেকে গরম তেলে ভেজে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। বিকেল থেকে শহরের ঘোষপট্টির মিষ্টির দোকানগুলোতে আমিত্তি কেনার জন্য ক্রেতাদের ভিড় লেগে যায়।

কারিগররা জানায়, মাসকলাইয়ের আমিত্তির প্রধান উপকরণ হলো মাসকলাইয়ের ডাল। প্রথমে কাঁচা মাসকলাইয়ের ডাল কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা হয়। তারপর মেশিন বা পাটায় বেটে নেওয়া হয়। এরপর সামান্য কিছু চালের গুড়া এবং বেসন মিশিয়ে আমিত্তি তৈরির মূল উপাদান তৈরি করা হয়। এরপর কাপড়ের মধ্যে ওই মন্ড রেখে গরম তেলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ছেড়ে দেয়া হয়। সেই মিশ্রণ দিয়ে বিশেষ ছাঁচে কাঁচা আমিত্তি তৈরি করে তেলে ভাজা হয়। পরে ভাজা আমিত্তিগুলো চিনির তৈরি রসে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।


ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডারের মালিক সঞ্জয় চন্দ্র ঘোষ বলেন, “আমরা এই আমিত্তি তৈরি করতাম পূজায়। কিন্তু চাহিদা বিবেচনায় রমজানে প্রচুর তৈরী করতে হয়। আড়াইশো টাকা থেকে বিক্রি শুরু। সব উপকরণের দাম বেশি তাই কেজি প্রতি দাম এবার একটু বেশি। আমাদের ঘোষপট্টি এলাকায় প্রায় আট দশটি মিষ্টির দোকানে মাসকলাইয়ের ডালের আমিত্তি তৈরি করা হয়। এ আমিত্তি সব জায়গায় পাওয়া যায় না বলে জেলায় এর চাহিদাও ব্যাপক”।

সঞ্জয় চন্দ্র ঘোষ আরও বলেন, “আমার দাদার থেকে শুনেছি, ইংরেজ জমিদারদের আপ্যায়নে এসব আমিত্তির অর্ডার দেওয়া হতো। সেসময়ে তারা এগুলো সরবরাহ করতেন”।


‘মাষকলাইয়ের আমিত্তি’ কিনতে আসা মোবারকপুরের আরিফুর রহমান বলেন, “ইফতারে এই জিলাপি রাখি। বিশেষ করে যেদিন ইফতারি দাওয়াত থাকে, সেই প্রোগ্রামে ‘মাষকলাইয়ের আমিত্তি’ নিয়ে আসি। ছেলে বুড়ো সবার পছন্দ”।

রাজবল্লভ মিষ্টান্ন ভান্ডারে আমিত্তি কিনতে আসা ফাহমিদা আক্তার তুলি বলেন, “আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার শাশুড়িও খুব পছন্দ করেন। তাই প্রতিদিন ইফতারির জন্য মাসকলাইয়ের আমিত্তি কিনে নিয়ে যাই”।

শেরপুর গ্র‍্যাজুয়েট ক্লাবের সভাপতি আল আমিন রাজু বলেন, “মাষকলাইয়ের আমিত্তির সাথে এ অঞ্চলের দেড়শো বছরের ইতিহাস ঐতিহ্য জড়িত। সরকারের কাছে দাবি, মাষকলাইয়ের আমিত্তিকে শেরপুরের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি চাই”।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামান বলেন, “মাষকলাইয়ের আমিত্তির চাহিদা ও বিক্রির ব্যপারে শুনেছি। আমি পরিদর্শনেও গিয়েছি। কিন্তু এই আমিত্তি তৈরিতে কোনো ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার যেনো না করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা