× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপূর্তমন্ত্রীর অ্যাকশন

অর্ধশতাধিক প্রকৌশলীর বদলি অর্ডার বাতিল

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০৯:৪০ এএম

অর্ধশতাধিক প্রকৌশলীর বদলি অর্ডার বাতিল

বালিশ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের আখড়া গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরেই চলছে বদলি বাণিজ্য। বদলির নামে হয়রানি, কোটি কোটি টাকার চাঁদাবাজিসহ নানা অভিযোগের বিরুদ্ধে এবার অলআউট অ্যাকশনে নেমেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তার নির্দেশে বাতিল হয়েছে অর্ধশতাধিক বদলি আদেশ। ভেস্তে গেছে বদলি বাণিজ্য সিন্ডিকেটের কয়েক কোটি টাকা বাণিজ্যের স্বপ্ন ও পরিকল্পনা।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ৩ মার্চ একই দিনে পৃথক পৃথক প্রজ্ঞাপনে অর্ধশতাধিক প্রকৌশলী বদলি করেন চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। অথচ এত বেশি সংখ্যক নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী বদলির বিষয়টি সম্পর্কে জানতেন না মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমনকি সচিবও। কারণ দীর্ঘদিন ধরেই পূর্ত ভবনের একটি সিন্ডিকেট এই বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে। বিষয়টি মন্ত্রী-প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এলে প্রধান প্রকৌশলীকে ডেকে পাঠানো হয়। কিন্তু তিনি একসঙ্গে এত প্রকৌশলী বদলির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। মন্ত্রী তাৎক্ষণিকভাবে এসব বদলির আদেশ বাতিলের নির্দেশ দেন। গত ১০ মার্চ পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ বাতিল করতে বাধ্য হন চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী। 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন একই সঙ্গে মন্ত্রণালয়কে না জানিয়ে বদলি বা পদোন্নতির কোনো ফাইল অগ্রগামী না করার নির্দেশ দেন। সাধারণত প্রধান প্রকৌশলী তার অধিদপ্তরের কর্মচারী থেকে শুরু করে সর্বোচ্চ নির্বাহী প্রকৌশলীদের বদলি করতে পারেন। মন্ত্রণালয়ের এই নির্দেশনার কারণে এখন থেকে এসব পদে বদলির ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সচিবের কাছ থেকে মৌখিক অথবা লিখিত পূর্বানুমোদন নিতে হবে। 

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ২৮ অক্টোবর পাঁচজনকে সুপারসিড করে প্রথমে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পান খালেকুজ্জামান চৌধুরী। এর এক দিন পরেই কোনো এক অদৃশ্য রহস্যময় কারণে তার নামে চলতি দায়িত্বের অর্ডারও জারি হতে দেখা যায়। অথচ ভুয়া স্কলারশিপ দেখিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ায় মন্ত্রণালয়ের শাস্তির মুখে পড়েছিলেন তিনি। এমন অনৈতিক কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তিকে সরকারের একটি ‍গুরুত্বপূর্ণ প্রকৌশল প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই একটি সিন্ডিকেট তৈরি করে তিনি বদলি, পদোন্নতি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করে আসছেন। সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারের ক্যাশিয়ারই এখন তার সবচেয়ে আস্থাভাজন। 

গণপূর্ত সূত্র জানিয়েছে, গত ৩ মার্চ ৩৫১ নম্বর প্রজ্ঞাপনে চূয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মো. মহসীনকে কুষ্টিয়া, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডাকে রিজার্ভে, নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ) মো. আতিকুল ইসলামকে মাগুরা, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী সোমেন মল্লিককে রিজার্ভে, প্রেষণ থেকে প্রত্যাগত নির্বাহী প্রকৌশলী মো. রিয়াদুর রহমানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (সংস্থাপন) দপ্তরে সংযুক্ত, রিজার্ভের নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমানকে গাইবান্ধা গণপূর্ত বিভাগে, প্রেষণ প্রত্যাগত শাহিনুর ইসলামকে চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগে বদলি করা হয়।

একই দিন ৩৫৩ নম্বর প্রজ্ঞাপনে গণপূর্ত প্রকল্প বিভাগ-৫-এর উপবিভাগীয় প্রকৌশলী হিমেল দাসকে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-৩-এ, গণপূর্ত প্রকল্প বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী সুষমা আপ্লুত আরা ফেরদৌসকে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-৭-এ, নরসিংদী গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আল আজাদকে মিরপুর গণপূর্ত উপবিভাগ-১-এ, রংপুর গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী হুসাইন মো. সাফী মণ্ডলকে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-২-এ, বগুড়া গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. আরিফুল ইসলামকে ঢাকা গণপূর্ত উপবিভাগ-৫-এ, রাজশাহী গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. কাওসার সরকারকে মেডিকেল কলেজ গণপূর্ত উপবিভাগে এবং মানিকগঞ্জ গণপূর্ত উপবিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী ফয়সাল আহমেদকে রমনা গণপূর্ত উপবিভাগ-২-এ বদলি করা হয়।

একই দিন ৩৫৪ নম্বর প্রজ্ঞাপনে আরও আট উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়। চট্টগ্রাম গণপূর্ত উপবিভাগ-৯-এর মো. আনিসুল হককে কাপ্তাই গণপূর্ত উপবিভাগে, গণপূর্ত ডিজাইন বিভাগ-৩-এর মো. রুবাইয়াত হোসেনকে গণপূর্ত ডিজাইন বিভাগ-১০-এ, গাজীপুর গণপূর্ত উপবিভাগ-৩-এর মো. ইফতেখারুল ইসলামকে গণপূর্ত জরিপ উপবিভাগ-২-এ, গাজীপুর গণপূর্ত উপবিভাগ-১-এর মো. মামুনুর রশিদকে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-৪-এ, গাইবান্ধা গণপূর্ত উপবিভাগের মো. আব্দুস সাত্তারকে নওগাঁ গণপূর্ত জরিপ উপবিভাগে, চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপবিভাগ-৩-এর পুষণ চক্রবর্তীকে খাগড়াছড়ি গণপূর্ত জরিপ উপবিভাগে, লালমনিরহাট গণপূর্ত উপবিভাগ-১-এর মো. জাকির হোসেনকে মিরপুর গণপূর্ত উপবিভাগ-১-এ এবং প্রেষণ প্রত্যাগত মোহাম্মদ রিশাদ উন নবীকে চট্টগ্রাম গণপূর্ত উপবিভাগ-৮-এ বদলি করা হয়।

পরপর দুটি প্রজ্ঞাপনে যে ১৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয় তারা বিসিএস গণপূর্ত ক্যাডারের সদস্য। একই দিন ৩৫৫ নম্বর প্রজ্ঞাপনে আরও ৭ জন উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়। যাদের সবাই ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রমোটি উপবিভাগীয় প্রকৌশলী। এদেরকে বিসিএস গণপূর্ত ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বদলি করা হয়নি। অথচ তারা সবাই একই পদে চাকরি করেন, বিভাগীয় পরীক্ষায় পাস করে পদোন্নতি পেয়েছেন এবং ক্যাডারভুক্ত হয়েছেন। এ প্রসঙ্গে গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশলী সমিতি বলেছে, ‘এটা বৈষম্যমূলক আচরণ। আমাদেরকে এখন নমঃশূদ্র হিসেবে দেখা হয়। বর্তমান চলতি দায়িত্ব প্রধান প্রকৌশলী আসার পরে এই বৈষম্য আরও প্রকট হয়েছে।’

৩৫৫ নম্বর প্রজ্ঞাপনে যে ৭ জন উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়েছে তারা হলেনÑ শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-৪-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. মতিউর রহমান মজুমদার, গণপূর্ত জরিপ উপবিভাগ ২-এর উপবিভাগীয় প্রকৌশলী অসীম চন্দ্র স্বর্ণকার, পটুয়াখালী গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী (স্বপদে স্ববেতনে) পিন্টু তালুকদার, গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপবিভাগ খুলনার উপবিভাগীয় প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম, গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপবিভাগ রংপুরের উপবিভাগীয় প্রকৌশলী আবু তাহের মো. খায়রুল বাশার, পটিয়া গণপূর্ত উপবিভাগ, চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক মিঞা ও উল্লাপাড়া গণপূর্ত উপবিভাগ, সিরাজগঞ্জের মো. মতিউর রহমান।

একই দিনে উপ-সহকারী প্রকৌশলীর (সিভিল) আলাদা দুটি অর্ডার করা হয়। যেগুলোর একটিতে নয়জনকে অন্যটিতে দুইজনকে বদলি করা হয়। ৯ জন উপ-সহকারী প্রকৌশলী হলেনÑ মানিকগঞ্জ গণপূর্ত বিভাগে হোসাইন মোহাম্মদ শাহরিয়ার, প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত মো. নাজমুল হোসাইন, ঝালকাঠি গণপূর্ত বিভাগের মো. আতিকুর রহমান খাঁ, বরিশাল গণপূর্ত বিভাগের মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১-এর মো. গোলাম মুনহাম জোয়ার্দ্দার, খুলনা গণপূর্ত বিভাগ-১-এর সুবির বিশ্বাস, যশোর গণপূর্ত বিভাগের মো. মশিউর রহমান, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর ওয়াকার রহমান ও বান্দরবান গণপূর্ত বিভাগের মো. আশরাফুজ্জামান।

অপর আদেশে বদলি হওয়া উপ-সহকারী প্রকৌশলী দুজন হলেনÑ খুলনা গণপূর্ত জোনের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান ও রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আতাউর রহমান। ৩ মার্চ আরও ১১ জন চলতি দায়িত্বে উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়। যাদেরকে বদলি করা হয়েছে তারা হলেনÑ ঝিনাইদহ গণপূর্ত বিভাগের মো. মেহেদী হাসান, গণপূর্ত ডিজাইন বিভাগের নাছিমা আক্তার, পঞ্চগড় গণপূর্ত বিভাগের মো. আরিফ হাসান, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-২-এর মৌসুমী দত্ত, হবিগঞ্জ গণপূর্ত বিভাগের অসিত রঞ্জন দাস, সাভার গণপূর্ত বিভাগের সাবরিনা আক্তার, গণপূর্ত ডিজাইন বিভাগ-৩-এর মো. কামরুল হাসান ও প্রবাল কুমার বড়ুয়া, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের সোয়েব মোহাম্মদ, গণপূর্ত ডিজাইন বিভা-২-এর ইউসুফ আলী ও ইডেন ভবন গণপূর্ত বিভাগের মো. মতিউর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মন্ত্রী মহোদয়ের নির্দেশে বদলির আদেশগুলো বাতিল করা হয়েছে। তিনি একটু ধীরে চলতে বলেছেন। আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তবে আমার বদলির ক্ষমতা ‘সিজ’ করা হয়নি।’ সম্প্রতি তিনি সংসদ ভবনের এমএমপি রুম থেকে মূল্যবান কপার চুরির ঘটনায় দায়ী প্রকৌশলী হেলাল আহমেদকে বরগুনায় বদলি করেছেনÑ এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমার ক্ষমতা বা পাওয়ার সিজ করা হলে আমি বদলি করতে পারতাম না।’

অবশ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান প্রকৌশলী ওই বদলির আদেশ করেছেন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের মৌখিক নির্দেশে। হেলাল আহমেদকে বদলি করা হলেও সংশ্লিষ্ট শাখায় কাউকে পদায়ন করতে পারেননি খালেকুজ্জামান চৌধুরী। ইএম সার্কেল-৩-এর উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা