× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ ভবনে রহস্যজনক চুরি, গণপূর্ত বলছে হারিয়ে গেছে

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ০৯:২৪ এএম

সংসদ ভবন। ফাইল ছবি

সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদের মতো সংরক্ষিত এলাকার একটি স্টোর রুম থেকে দেড় কোটি টাকা মূল্যের কপার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সফল না হয়ে শেষ পর্যন্ত তা ‘হারিয়ে গেছে’ বলে উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এর দায়িত্বে নিয়োজিত গণপূর্তের প্রকৌশলীরা। গণপূর্ত অধিদপ্তর পুরো ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে।

বিগত আওয়ামী লীগের শাসনামলে আমব্রেলা প্রজেক্টের জাতীয় সংসদ ভবনের নবম তলায় স্থাপিত বিদ্যুৎ উপকেন্দ্রটি সংস্কার করা হয়। এ সময় পুরনো বিদ্যুৎ উপকেন্দ্র থেকে এলটি ও এইচটি প্যানেল হতে ১৪৯টি কপার বার ব্যবহারের পরে অবশিষ্ট ১৩৪৩টি কপার বার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচে অবস্থিত মেইন মেকানিক্যাল প্লান্টের (এমএমপি) স্টোরে সংরক্ষণ করা হয়। যার দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন।

গত ২১ জানুয়ারি অব্যাবহৃত কপার বারসহ অন্যান্য উদ্ধৃত্ত জিনিসপত্র বিক্রির জন্য একটি সার্ভে রিপোর্ট তৈরি করতে গিয়ে দেখা গেছে, ১৩৪৩টি কপার বারের মধ্যে অল্প কয়েকটি কপার বার পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে গত ২৪ জানুয়ারি উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ রহমান নাহিদ একটি পত্র পাঠান। যার বিষয়বস্তুতে ওই কপার বারগুলোকে ‘হারিয়ে যাওয়া’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তিনি নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ইএম বিভাগ-৭ আনোয়ার হোসেনকে লিখিতভাবে জানান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে অনুলিপি প্রদান করেন।

ঘটনার প্রায় দেড় মাস অতিবাহিত হওয়ার পরেও এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী, সার্কেল প্রধানসহ কেউ কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি তিনি আগেই অবহিত হয়েছেন। কিন্তু জাতীয় সংসদের নির্বাচন, নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান এবং আসন্ন সংসদ অধিবেশনের জন্য তিনি বিষয়টিতে মনোযোগ দিতে পারেননি। তবে তার সুপারভিশন অথরিটি ইএম সার্কেল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহাবুবুল হক চৌধুরীকে অবহিত করেছেন। কিন্তু তার কাছ থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

এত মূল্যবান একটি বস্তু হারিয়ে যাওয়াকে মানতে রাজি নন নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, এটা দায়িত্বের অবহেলা নয়, স্পষ্টতই চুরির ঘটনা। এর সঙ্গে তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা জড়িত না থাকলে তা কোনোভাবেই সরানো সম্ভব নয়। আমরা এতদিন জাতীয় সংসদের সদস্যদের শপথ এবং নতুন অধিবেশনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত হয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংসদের একটি সূত্র জানিয়েছে, এমএমপি রুম ছিল সিসিটিভি কভারেজের আওতায়। কিছুদিন আগে এই সিসিটিভি নষ্ট বলে নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন উপ-সহকারী প্রকৌশলী হেলাল ‍উদ্দিন। এর পরপরই তিনি নিজ দায়িত্বে কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সেখানে সিসিটিভি পুনঃস্থাপন করেন। গণপূর্তের কর্মকর্তারা জানিয়েছেন, এই সিটিটিভি নষ্টের বিষয়টি একটি পরিকল্পনার অংশ। এই সময়ের মধ্যে কপারগুলো সরানো হতে পারে বলে মনে করছেন তারা।

বিষয়টি সম্পর্কে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশ্রাফুল হক প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী তাকে অবহিত করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহাবুবুল হক চৌধুরী এ ঘটনা অবহিত হওয়ার পরেও তিনি কেন ব্যবস্থা নেননÑ জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি। তিনি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন। 

এমএমপি রুমে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখানে নতুন এসেছি। স্টোর রুম আমি যেভাবে পেয়েছি সেভাবেই আছে। আমি এ বিষয়ে কিছু জানি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা