× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিতে পুনর্গঠন ঈদের পরেই

মজুমদার ইমরান

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ১১:০৫ এএম

বিএনপির লোগো। ছবি: উইকিপিডিয়া

বিএনপির লোগো। ছবি: উইকিপিডিয়া

তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষমতায় এলেও নানা কারণে নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। গুলশানের চেয়ারম্যানের কার্যালয় ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ঝিমিয়ে পড়েছে। জেলা-উপজেলার দলীয় কার্যালয়েও আগের মতো ভিড় নেই। রাজপথেও নেই তেমন কর্মসূচি। সরকার গঠনের পর দলের শীর্ষ নেতৃত্বের বড় অংশ মন্ত্রিসভা ও সংসদীয় দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ডে গতি কমেছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। এমন বাস্তবতায় ঈদুল ফিতরের পরপরই সারা দেশে ব্যাপক পুনর্গঠন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 

জানা গেছে, আসন্ন ঈদের পর বিএনপির জাতীয় কাউন্সিলের প্রস্তুতি শুরু করা হবে। জাতীয় কাউন্সিল আয়োজনের মাধ্যমে নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে দলটির নতুন কেন্দ্রীয় কমিটি। সরকারে স্থান না পাওয়া নেতাদের দেওয়া হবে গুরুত্বপূর্ণ পদ। তবে জাতীয় কাউন্সিলের আগে সারা দেশে দলের সর্বস্তরের কমিটিগুলোর মধ্যে যেগুলো এখনই মেয়াদোত্তীর্ণ, সেগুলো দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলের কয়েকজন সিনিয়র নেতা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে এসব কমিটি পুনর্গঠনের কাজ তদারকি করবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন। আর তার নেতৃত্বেই দলের জাতীয় কাউন্সিল হলে তা অধিকতর সফল হবে বলে প্রত্যাশা করছেন দলের নেতাকর্মীরা। দল পুনর্গঠন কাজ সফল করতে বছরখানেক আগেই সিনিয়র নেতাদের নিয়ে ১০ সাংগঠনিক বিভাগের জন্য পৃথক কমিটি করেছিল বিএনপি। ওই কমিটি বেশ অগ্রসরও হয়েছিল, তবে সব সাংগঠনিক ইউনিটের কমিটি পুনর্গঠন শেষ করতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগেই দল পুনর্গঠন কাজের চেয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করাকে অগ্রাধিকার দেয় দলটির সর্বস্তরের নেতাকর্মী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করলেও দলীয় কর্মকাণ্ড যাতে মন্থর হয়ে না পড়ে সেজন্য তৎপর রয়েছে বিএনপি হাইকমান্ড। তাই আসন্ন ঈদের পর জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুতি চলছে। এর আগে দ্রুততম সময়ের মধ্যে সারা দেশের সকল জেলা-উপজেলা, পৌরসভাসহ সব ইউনিটের কমিটি পুনর্গঠনের কাজ শেষ হয়ে যাবে। এ ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন নেতৃত্ব বাছাই করা হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে। রাজধানীসহ সারা দেশের অঙ্গসংগঠনগুলোর অনেক কমিটি নেই, অনেক কমিটি মেয়াদ উত্তীর্ণ। এসব কমিটিও দ্রুত পুনর্গঠন করা হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর স্বাভাবিকভাবেই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এখন চাঙ্গা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবার রমজানে জনগণের কল্যাণে ইফতার মাহফিল সংক্ষিপ্ত করা হয়েছে। তবে ঈদের পর আমরা দলের সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করব। দলের নীতিনির্ধারকরা দলের কাউন্সিল করার সিদ্ধান্ত নিলে তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠন করে সকল কাউন্সিলরকে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, খুব শিগগিরই দলের পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সংসদ অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে করণীয় নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন নেতারা। এরপরই দলের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান উদ্যোগ নেবেন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, বিএনপির অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও মহিলা দলে নেতৃত্বে পরিবর্তন নিয়ে আসা জরুরি হয়ে পড়েছে। কারণ দীর্ঘদিন ধরেই অঙ্গসংগঠনগুলোয় সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। এর মধ্যে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন (এমপি), স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী (এমপি), সাধারণ সম্পাদক রাজিব আহসান (প্রতিমন্ত্রী), কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন। তিনি পরাজিত হলেও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি নির্বাচিত হয়েছেন। সরকারি কাজের ব্যস্ততার কারণে এখন তারা সংগঠনের কার্যক্রমে সময় দিতে পারছেন না। তাদের অনুপস্থিতিতে নেতাকর্মীরা সংগঠনমুখীও হচ্ছেন না। সবাই এখন সরকারমুখী। অনেকেই সচিবালয় ও মন্ত্রীদের বাসায় বাসায় শুভেচ্ছা জানাতেই ব্যস্ত। এসব কারণে তৃণমূলের নেতাকর্মী রাজপথে আন্দোলন ও সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগীদের দিয়ে নতুন কমিটি গঠনের কথা বলছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে গঠিত স্বেচ্ছাসেবক দলের কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। অন্যদিকে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর হাসান জাফির তুহিনকে সভাপতি এবং শহিদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে গঠিত কৃষক দলের কমিটির মেয়াদও শেষ। আর ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে গঠিত ছাত্রদলের কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা